অচল অবস্থাতেই শেষ হলো আবুধাবিতে দুই দিনব্যাপী যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক। প্রতিনিধিরা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আলোচনায় বসলেও যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে চলতি বছরের প্রথমবারের মতো বন্দি বিনিময়ে সম্মত হয়ে ১৫৭ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে মস্কো-কিয়েভ।
বড় কোনো অগ্রগতি ছাড়াই আবুধাবিতে দুই দিনব্যাপী যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। আলোচনায় কোনো শান্তি চুক্তি হয়নি। তবে মানবিক দিক থেকে এসেছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।বৃহস্পতিবারের আলোচনায় বন্দি বিমিময়ের বিষয়ে সম্মত হয় রাশিয়া ও ইউক্রেন। এরপর দুই দেশই ১৫৭ জন করে যুদ্ধবন্দি হস্তান্তর করে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
ইউক্রেনের মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে বেআইনিভাবে সাজা দেয়া সেনা ও বেসামরিক নাগরিক আছেন। চলতি বছরে এটিই দুই দেশের প্রথম যুদ্ধবন্দি বিনিময়। এর আগে গত বছরের অক্টোবরে সব শেষ বন্দি বিনিময় হয়।
আলোচনায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, বন্দি বিনিময় প্রমাণ করে কূটনৈতিক যোগাযোগ কার্যকর ফল দিচ্ছে। যুদ্ধ শেষের পথে এগোতে এই আলোচনা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভও। তবে ইউরোপের কয়েকটি দেশের বিরুদ্ধে আলোচনায় বাধা দেয়ারও অভিযোগ করেন তিনি।

এদিকে, সহজ না হলেও যুদ্ধ বন্ধের আলোচনায় ইউক্রেন গঠনমূলক অবস্থান বজায় রাখবে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এমন পরিস্থিতিতে ২০২১ সাল থেকে বন্ধ থাকা উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় সামরিক কমান্ড জানায়, এই চ্যানেল ভবিষ্যতে স্থায়ী শান্তির পথে কাজ করতে সামরিক পর্যায়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখবে।