ফেব্রুয়ারি মাসে প্রেম দিবসেই বিয়ে পিঁড়িতে বসেছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। ইতিমধ্যেই তাঁদের বিয়ের নানা সময়ের ছবি ও ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এবার রণজয় বিয়ের ছবি পোস্ট করে লিখলেন, ‘ক্ষমা করে দেবেন…’। কিন্তু এমন কেন লিখলেন নায়ক।
তিনি তাঁর বিয়েতে আসা অতিথিদের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে লেখেন, ‘গন্তব্যে পৌঁছানোর শুভেচ্ছা পেয়ে আপ্লুত আমরা। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জার্নিতে আমাদের সঙ্গে থাকার জন্য। সময় কম থাকার কারণে হয়ত অনেকে প্রিয় মানুষদের-কেই আমরা বেশি সময় দিতে পারিনি বা দু’-এক জনের সঙ্গে বিয়ে চলাকালীন তাঁদের সঙ্গে আলাদা করে কথা হয়ে ওঠেনি। আমি জানি তাঁরা আমাদের এতটাই ভালোবাসেন তাঁরা বলবেন না কিন্তু আমরা তাও বলছি, যদি কোথাও কোনও অসুবিধা মনে হয়ে থাকে, প্লিজ নিজ গুনে ক্ষমা করে দেবেন, জানবেন আমাদের ২ জনের সর্বোত্তম চেষ্টা ছিল সব রকম ভাবে সবটা ঠিক রাখার। আর সকলকে অনেক ধন্যবাদ এত আশীর্বাদ করার জন্য।’অন্যদিকে, মঙ্গলবার বিয়ের পর বৌভাতের অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আনলেন শ্যামৌপ্তি। ছবিতে পিচ রঙের শার্টে দেখা মেলে রণজয়ের। অন্যদিকে, লাল টুকটুকে শাড়ি, সিঁথি ভর্তি সিঁদুর, মঙ্গলসূত্রে ধরা দেন শ্যামৌপ্তি। নায়িকা ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘থাকে সব লেখা ওই আকাশে।’
প্রসঙ্গত, ‘গুড্ডি’ ধারাবাহিক থেকেই নাকি একে অপরের কাছাকাছি এসেছিলেন তাঁরা। প্রথমে শুধুমাত্র বন্ধুত্ব থাকলেও পরে ধীরে ধীরে তা গড়ায় প্রেমে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত। আর সেখান থেকেই রিল লাইফের বাইরেও রিয়েল লাইফে দর্শকরা বার বার তাঁদের সঙ্গে দেখতে চেয়েছেন।

যদিও শুধুমাত্র ‘গুড্ডি’ নয়, একটি মিউজিক ভিডিয়োতেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বয়সের ফারাক নিয়ে অনেকে অনেক কথা বললেও সেই বিতর্ককে পেছনে ফেলে দিয়েই এবার নিজেদের নতুন জীবন শুরু করলেন এই তারকা জুটি।