অবশেষে হল অপেক্ষার অবসান। ১৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণজয় বিষ্নু এবং শ্যামৌপ্তি মুদলি। প্রায় মাসখানেক আগে থেকে এই খবর সোশ্যাল মিডিয়ার হট টপিক। প্রেম দিবসের সকালে গায়ে হলুদের সাজে সকলের নজর কেড়েছিলেন এই হবু নব দম্পতি। এবার প্রকাশ্যে এল তাঁদের বিয়ের সাজের ছবি।
বিয়ের দিন একেবারে সাদামাটা সাজে সকলের সামনে ধরা দিলেন শ্যামৌপ্তি, পরনে লাল শাড়ি, ন্যূনতম গয়না এবং ন্যূনতম সাজে তিনি যেন হয়ে উঠেছেন অনন্যা। মাথায় মুকুট, হাতে গাছকৌটো, যেন এক লহমায় লক্ষ্মী প্রতিমা হয়ে উঠেছেন তিনি।অন্যদিকে রণজয়ের সাজেও নেই খুব বেশি জাঁকজমক। খুব সাদামাটাভাবে তিনি সেজেছেন, কিন্তু তাও যেন অভিনেতার সাজে ফুটে উঠেছে এক অদ্ভুত ঐতিহ্য। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের পূর্বের কিছু ছবি নিজেই পোস্ট করেছেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় হবু স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘আজ থেকে ‘আমি’ আর ‘তুমি’ নয়। আজ থেকে শুধু ‘আমরা’।’ সঙ্গে তিনি দিয়েছেন ভালবাসার ইমোজি। অভিনেতার এই পোস্টে কমেন্ট করে সকলে লিখেছেন, কী অপূর্ব সুন্দর দেখতে লাগছে দুজনকে।
রণজয়ের পোষ্টের কমেন্টে অভিনেত্রী মিশমি মজা করে লিখেছেন, ‘আরে বিয়ের দিন তো চশমাটা খোলো। খুব সুন্দর লাগছে দুজনকে।’ তবে বেশিরভাগ কমেন্টেই মানুষ লিখেছেন, সাধারণের মধ্যে যেভাবে অসাধারনত্ব তুলে ধরেছেন দুজনে, সেটা সত্যিই নজর কেড়েছে সকলের।প্রসঙ্গত, জানা গিয়েছে বিয়ের আসর সেজে উঠবে একেবারে পুরনো দিনের আদলে। হাতপাখা থেকে শুরু করে প্যাঁচার মত জিনিস ব্যবহার করা হবে মন্ডপ সজ্জায়। আধুনিক জিনিস নয় বরং সাবেকি জিনিস দিয়েই তৈরি করা হবে সবকিছু।

যদিও বর্তমান সময়ের কথা মাথায় রেখে সেলফি জোন তৈরি করা হবে মণ্ডপে, যেখানে তুলে ধরা হবে পুরো কলকাতাকে। সব মিলিয়ে এই তারকা জুটির বিয়েতে মানুষ এক লহমায় ফিরে যাবেন পুরনো দিনে, হয়ে উঠবেন নস্টালজিক।