আমেরিকায় ২০২৪ সালে উন্মোচিত হয়েছিল হনুমানের ৯০ ফুটের মূর্তি। সেই মূর্তি নিয়ে এবার কটাক্ষ করলেন ট্রাম্প অনুগামী হিসেবে পরিচিত টেক্সাসের রিপাব্লিকান নেতা কার্লোস টুরিকোস। মেক আমেরিকা গ্রেট আগেইন আন্দোলনের সদস্য কার্লোস হনুমানের মূর্তি নিয়ে ভারতীয়দের ‘তৃতীয় বিশ্বের এলিয়েন’ বলে আখ্যা দিয়েছেন। এর জেরে জোর বিতর্ক তৈরি হয়েছে। টেক্সাসের সুগার ল্যান্ডে অবস্থিত শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরে কয়েকবছর আগে হনুমানের মূর্তিটি বসানো হয়েছিল। সেই মূর্তির ভিডিয়ো প্রকাশ করেন কার্লোস।
রিপাব্লিকান নেতা নিজের পোস্টে লেখেন, ‘তৃতীয় বিশ্ব থেকে এলিয়েনরা এসে টেক্সাস এবং আমেরিকা দখল করে নিচ্ছে। এই দখল বন্ধ করতে হবে।’ তাঁর পোস্টে লেখা, ‘এটা পাকিস্তানের ইসলামাবাদ, ভারতের নয়াদিল্লি নয়। এটা টেক্সাসের সুগার ল্যান্ড। তৃতীয় বিশ্ব থেকে এলিয়েনরা এসে টেক্সাস এবং আমেরিকা দখল করে নিচ্ছে। আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তি কেন এটা? এই দখল বন্ধ করা দরকার।’ এর আগে টেক্সাস রিপাব্লিকান আলেক্সান্ডার ডানকানও এই মূর্তির বিরোধিতা করেছিলেন।
এদিকে কার্লোসের বিরোধিতায় সরব হয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় কার্তিক গড়া লেখেন, ‘আমেরিকায় সর্বাধিক কথিত ভাষার মধ্যে ভারতের কোনও ভাষা নেই। যেদিন ভারতের কোনও ভাষায় কথা বলা মানুষের সংখ্যা স্প্যানিশভাষীদের থেকে বেশি হবে, সেদিন পর্যালোচনা করে দেখা যেতে পারে স্প্যানিশভাষীরা আমেরিকার সমাজে ঘুলেমিলে গেছে কি না। সেই সময় পর্যন্ত আমার অনুরোধ, আমেরিকার বিষয়ে পড়াশোনা করুন, আরও বেশি করে জানুন।’ এরই সঙ্গে কার্তিক একটি চার্ট পোস্ট করেন, তাতে দেখা গিয়েছে, আমেরিকায় ৪১ মিলিয়ন মানুষ স্প্যানিশভাষী। এদিকে আদেল নাজারিয়ান নামে অপর এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘হিন্দুরা টেক্সাস বা পশ্চিমী সভ্যতার জন্য হুমকি নয় কার্লোস। তুমি নিজে বড্ড বেশি জাতিবিদ্বেষী। তুমি হিন্দু ধর্মের বিষয়ে পড়াশোনা করোনি। তোমার কট্টর ইসলামপন্থীদের বিরুদ্ধে অভিযোগ করা উচিত বরং।’
