মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাবড় ধাক্কা দিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, যে তিনি জরুরি অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে কার্যত সমস্ত মার্কিন বাণিজ্যিক অংশীদারদের উপর ব্যাপক শুল্ক আরোপ করে তাঁর আইনি কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন। এর আগে, মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে ট্রাম্প আসার পরই বিশ্বের সমস্ত দেশের ওপর আমেরিকার তরফে বিশেষ শুল্ক জারি করে দেন ট্রাম্প। তাঁর শুল্ক বোমা প্রভাব ফেলে বিভিন্ন দেশে। সদ্য ট্রাম্পের চাপানো শুল্কের প্রেক্ষিতে ভারত ও আমেরিকার মধ্যেও বাণিজ্যিক চুক্তি হয়। তারপরই এল মার্কিন সুপ্রিম কোর্টের এই বার্তা।
রিপোর্ট বলছে, মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘ বিশ্বের প্রতিটি দেশের সাথে আমেরিকা যুদ্ধে লিপ্ত নয়।’ আর সেই মর্মেই এই বড় বার্তা আসে মার্কিন সুপ্রিম কোর্টের তরফে। সেদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের লেখা ৬-৩ ভোটে কনসারভেটিভ সংখ্যাগরিষ্ঠ আদালত রায় দিয়েছে যে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA) ‘রাষ্ট্রপতিকে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না।’ এক্ষেত্রে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছে মার্কিন সুপ্রিম কোর্ট।
এদিকে, বিভিন্ন দেশের ওপর আরোপ করা মার্কিন পারস্পরিক শুল্ক নিয়ে বহুদিন ধরে সওয়াল করে আসছেন ট্রাম্প। এই শুল্ক আরোপ ঘিরে কানাডা সহ বিভিন্ন দেশের সঙ্গে তাঁর সংঘাতমূলক নানান মন্তব্য উঠে আসে। বিশ্বের বহু দেশই ট্রাম্পের আরোপিত এই শুল্ক নিয়ে ক্ষোভ জাহির করে। প্রাথমিকভাবে ভারতের ওপর ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। পরে রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে ওয়াশিংটন হুঁশিয়ারি শুরু করে। এরপরই ট্রাম্প ভারতের ওপর আরও ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেন। যা ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপর চাপায় আমেরিকা। তবে সদ্য আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তির জেরে ভারতের ওপর চাপানো মার্কিন শুল্ক কমে হয় ১৮ শতাংশ। এরপর এল এই মার্কিন সুপ্রিম কোর্টের রায়।
