‘হোক কলরব’- এর ট্রেলারে মিলেমিশে একাকার ছাত্র-পুলিশ-রাজনীতি

Spread the love

একটি ছাত্রের রহস্য মৃত্যু এবং তা ঘিরে গোটা ক্যাম্পাস জুড়ে তৈরি উত্তেজনা, এইভাবেই শুরু হয় ‘হোক কলরব’ ছবির অফিসিয়াল ট্রেলার। ট্রেলারের প্রথমেই দেখতে পাওয়া যায় ফ্রেশারদের ওপরে অকথ্য অত্যাচার করে সিনিয়ররা। এক কথায় যাকে বলা হয় র‍্যাগিং।

পরের দৃশ্যে দেখা যায় ফার্স্ট ইয়ার পড়ুয়াদের মধ্যে একজন হঠাৎ করেই মারা যায়। কলেজ ক্যাম্পাসে আসে পুলিশ। কিন্তু কলেজ ক্যাম্পাসে পুলিশের এই আগমন একেবারেই মেনে নিতে পারেনি ছাত্ররা আর তাই পুলিশের ওপর আক্রমণ করে তারা।

এরপরেই এন্ট্রি হয় শাশ্বতর চরিত্রের। অপরাধীদের শাস্তি দিতে মরিয়া হয়ে ওঠে সে। কিন্তু আদৌ কি অপরাধীরা শাস্তি পাবে? অপরাধীদের বদলে নিরপরাধ ছাত্ররা পুলিশের জালে আটকে পড়ে যাবে না তো?

‘হোক কলরব’ ছবিতে অভিনয় করেছেন ওম সাহানি, রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্য, পার্থ ভৌমিক, পুষাণ দাশগুপ্ত, শ্রেয়া ভট্টাচার্য, দেবদত্তা রাহা, ভাস্কর মুখোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সিনেমাটি মুক্তির আগেই বেশ কিছু সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন পরিচালক। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজ চক্রবর্তী জানান, ছবির শুটিংয়ের কিছু ফুটেজ ফাঁস হয়েছে সমাজ মাধ্যমে। ইতিমধ্যেই তিনি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছেন কিন্তু সকলকে অনুরোধ করেছেন যাতে লিঙ্ক কেউ শেয়ার না করেন।

শুধু তাই নয়, টিজার মুক্তির পরেও শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি ডায়লগ নিয়ে তৈরি হয় সমস্যা। ক্ষুদিরাম চাকী, আমি ঝুলি না আমি ঝোলাই, এই ডায়লগটির মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরামকে অপমান করা হয়েছে বলে দাবি করেছিলেন বহু মানুষ।

ক্ষুদিরাম বিতর্কে রাজ চক্রবর্তী সমস্ত দায়ভার বিজেপির ওপর চাপিয়ে দিলেও খুব সন্তর্পনে ট্রেলার থেকে তিনি বাদ দিয়ে দিয়েছেন এই ডায়লগটি। যদিও তিনি বারবার সকলকে জানিয়েছেন, শুধুমাত্র একটি ডায়লগ দিয়ে যেন গোটা ছবিটি বিচার না করা হয়। হলে গিয়ে ছবি দেখে তবেই যেন দর্শকরা সিনেমাটির বিচার করে এই অনুরোধ বারবার করেছেন পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *