বিধানসভা নির্বাচনের আগে কোনওরকম ঝুঁকি নিল না রাজ্য সরকার। কেন্দ্রের ঘোষণার পরেই তড়িঘড়ি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করে দিল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যেমন তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল, সেরকমভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল।বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহের আগে (শীঘ্রই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে) শুক্রবার বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন, ‘উৎসবের উপহার’ হিসেবে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। আর তার ফলে চলতি অর্থবর্ষে রাজ্যের কোষাগার থেকে বাড়তি ৯১৭.৭৮ কোটি টাকা বেরিয়ে যাবে। উল্লেখ্য, সম্রাট বিহারের অর্থ দফতরেরও দায়িত্বে আছেন।
বিহারের উপ-মুখ্যমন্ত্রী , ‘ক্রমবর্ধমান দামের কারণে যাতে লাখ-লাখ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের কষ্ট না হয়, সেজন্য রাজ্য সরকার বদ্ধপরিকর। এটা দীপাবলি এবং ছটের উপহার।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ২০২৫ সালের জুলাই থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে জুলাই থেকেই।
গত বুধবারই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এতদিন তাঁরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। জুলাই থেকে তাঁদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫৮ শতাংশ। একইভাবে জুলাই থেকে বিহারের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ৫৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।বিহার সরকারের আধিকারিকরা জানিয়েছেন, ডিএ বৃদ্ধির ঘোষণার ফলে পাঁচ লাখের বেশি সরকারি কর্মচারী এবং ছয় লাখের বেশি পেনশনভোগী লাভবান হবেন। যদিও বিহারের পড়শি রাজ্য পশ্চিমবঙ্গ কবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়াবে, তা নিয়ে আপাতত কোনও উচ্চবাচ্য করা হয়নি। যে রাজ্যে আগামী বছরই বিধানসভা নির্বাচন আছে।
