Virat Kohli on ODI World Cup 2027। ‘১ দিনেই ২.৫ খানা T20 ম্যাচ যেন….’

Spread the love

Virat Kohli on ODI World Cup 2027: পেশাদার কেরিয়ারের প্রথম বিশ্বকাপ জিতেছিলেন। আর কেরিয়ারের শেষ বিশ্বকাপটাও জিততে চান বলে জানিয়ে দিলেন বিরাট কোহলি। ভারতের তারকা ক্রিকেটার জানালেন, ২০২৭ সালেই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ খেলবেন। আর সেটা যে শুধু খেলার জন্য খেলবেন না, সেটা আলাদা করে বলে দেওয়ার মতো লোক নন বিরাট। বরং নয়া টি-টোয়েন্টির তীব্রতার সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিয়ে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ জেতার জন্য ইতিমধ্যে নিজেকে তৈরি করতে শুরু করে দিয়েছেন ভারতীয় তারকা।

একদিনে আড়াই খানা T20 ম্যাচ যেন, বলছেন বিরাট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে জিয়োস্টারে বিরাট বলেছেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীক্ষ্ণতা অন্য যে কোনও কিছুর থেকে অনেক বেশি। কারণ এক্ষেত্রে টি-টোয়েন্টি ম্যাচের মতো তীব্রতা নিয়ে টানা ১০টি ম্যাচ খেলতে হয়। অথচ আপনি একদিনেই যেন আড়াইটে টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। আর একটি বড় টুর্নামেন্ট এবং বিশ্বকাপে টানা ১০টি ম্যাচের জন্য সেই একই তীব্রতা বজায় রাখাটা সত্যিই অনেক বড় ব্যাপার।’

 

বিরাটের ক্ষেত্রে সেই তীক্ষ্ণতা কোনও ফ্যাক্টরই হবে না

তবে মাসখানেকের মধ্যে ৩৮ বছরে পা দিতে চলা ভারতীয় তারকার কাছে সেটা বড় ব্যাপার নয়। কারণ বিরাট মানেই মাঠে সমস্ত প্রাণের সঞ্চার থাকা। দিনের প্রথম বল হোক বা শেষ হোক – বিরাট সবসময় নিজের সবটা উজাড় করে দিয়েছেন। তাই ৩৮ বছর হতে চলা এবং ৩৯ বছরে বিশ্বকাপে খেলা কোন খেলোয়াড়ের মধ্যে সবথেকে বেশি তীক্ষ্ণতা থাকতে পারে বলে প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে নিঃসন্দেহে বিরাটের নামটাই প্রথম মাথায় আসবে।

বিশ্বকাপ জিততে যা কিছু করতে হয়, করতে রাজি, বলে দিলেন বিরাট

বিরাট অবশ্য সেইসব ভাবতে চান না। বরং নিজের তীক্ষ্ণতা এবং ফিটনেসে জোর দেওয়ার পাশাপাশি আফ্রিকার পরিবেশের বিষয়টিও মাথায় আছে ভারতীয় তারকার। তাঁর কথায়, ‘এবার বিদেশি পরিবেশে খেলা হবে। যা আপনার থেকে অনেক কিছু নিংড়ে নেয়। ভারতের হয়ে আমি এটাই শেষ বিশ্বকাপ খেলব। সেটাই আমার সবথেকে বড় অনুপ্রেরণা বা মোটিভেশন। মানে মাঠে নিজের সবকিছু উজাড় করে দেওয়া হয়। আর অবশ্যই আসল লক্ষ্যটা হল বিশ্বকাপ জেতা। সেটার জন্য যা কিছু করতে হয়, তা করতে আমি পুরোপুরি তৈরি।’

Leave a Reply