India Govt on Elon Musk’s Starlink claim। স্টারলিঙ্ককে ভারতে ঢুকতে ‘বাধা’ দিচ্ছে কারা?

Spread the love

India Govt on Elon Musk’s Starlink claim: স্টারলিঙ্ককে ভারতীয় বাজারে ঢুকতে কয়েকটি গোষ্ঠী ‘বাধা’ দিচ্ছে বলে দাবি করেন ইলন মাস্ক। আর মার্কিন ধনকুবেরের সেই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল নয়াদিল্লি। আজ সকালে কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্টারলিংকের মতো স্যাটেলাইট যোগাযোগ পরিষেবা-সহ সমস্ত টেলিকমিউনিকেশন পরিষেবার জন্য ভারতের একটি ‘ন্যায্য ও বৈষম্যহীন নিয়ন্ত্রক কাঠামো’ আছে। সমস্ত গ্রাহক এবং তাঁদের ডেটার সুরক্ষা নিশ্চিত করতেই নিয়মমাফিক পদক্ষেপ করে থাকে বলে ভারত সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে।

নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে দেওয়া হয় অনুমোদন

পুরো বিষয়টি আরও ব্যাখ্যা করে টেলিযোগাযোগ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের যে কাঠামো আছে, সেটার আওতায় দেশে স্যাটেলাইট যোগাযোগ বা স্যাটকম পরিষেবা চালুর জন্য জিএমপিসিএস (গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট) এবং অন্যান্য প্রয়োজনীয় অনুমোদনের প্রয়োজন হয়। যে অনুমোদন স্টারলিঙ্কের পাশাপাশি জিয়ো স্যাটেলাাইট কমিউনিকেশন লিমিটেড এবং ভারতী-সমর্থিত ইউটেলস্যাট ওয়ানওয়েব পেয়েছে বলে সূত্রের খবর।

 

আপাতত ৩টি লাইসেন্সধারী ‘আন্ডার-প্রসেস’ আছে

শর্ত অনুযায়ী লাইসেন্স পাওয়া প্রতিটি সংস্থাকে সুরক্ষা সংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়টি প্রমাণ করতে হবে। আপাতত তিনটি লাইলেন্সধারী সংস্থার ক্ষেত্রে সুরক্ষা সংক্রান্ত যাচাইয়ের কার্যক্রম চলছে। সেই পরিস্থিতিতে ‘এই নিয়ন্ত্রক কাঠামো বা সেটির কার্যপদ্ধতিতে অন্যায্য বা বৈষম্যমূলক বলে যে ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে, সেটা ভিত্তিহীন এবং ভুল’ বলে স্পষ্টভাবে জানানো হয়েছে ভারত সরকারের তরফে।

‘আপনারা বুঝতে পারছেন যে ওরা কারা’, দাবি করেন মাস্ক

যদিও নরেন্দ্র মোদী সরকারের পুরো বিবৃতিতে কোথাও স্টারলিঙ্কের নাম করা হয়নি। সংশ্লিষ্ট মহলের অবশ্য ধারণা, মাস্কের সংস্থাকে নিয়েই সেই মন্তব্য করা হয়েছে। কারণ ভারত সরকারের বিবৃতির কয়েক ঘণ্টা আগেই মার্কিন ধনকুবের দাবি করেছিলেন, ‘দুর্ভাগ্যবশত, ভারতীয় জনগণের উপর নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণ ও আধিপত্য বজায় রাখার জন্য কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠী আমাদের বাধা দিচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে ওরা কারা। এটা ভারতের জনগণের বিরুদ্ধে হওয়া একটি অপরাধ।’

তবে কোন ব্যবসায়ী গোষ্ঠীর কথা বলেছেন, তা জানাননি মাস্ক। কিছুটা ধাঁধার মতো করে বিষয়টা রেখে দেন। অথচ যাঁর সংস্থারই এক শীর্ষ আধিকারিক কয়েক ঘণ্টা আগেই দাবি করেন যে ভারতে পরিষেবা শুরু করতে তৈরি আছে স্টারলিঙ্ক। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে স্পেসএক্সের স্টারলিঙ্ক বিজনেস অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার দাবি করেন, ভারতীয় বাজারে পৌঁছে যেতে যে পরিকাঠামোর প্রয়োজন, সেজন্য ইতিমধ্যে বিনিয়োগ করা হয়েছে।

Leave a Reply