Delhi Protest Latest Update। দিল্লিতে আজ ফের উত্তেজনার আশঙ্কা

Spread the love

ভোটার তালিকা সংশোধন ঘিরে উত্তপ্ত রাজধানী দিল্লি। এক দিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। অন্য দিকে, বিক্ষোভের অনুমতি চেয়ে সোমবার থানায় যাওয়ার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই পরিস্থিতিতে সোমবারও দিল্লিতে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী নেতারা ইন্ডিয়া গেট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করার পরিকল্পনা করেছেন। তাঁদের লক্ষ্য, প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে স্মারকলিপি জমা দেওয়া। তবে প্রধান বিচারপতি ইতিমধ্যেই তাঁদের সাক্ষাতের আবেদন খারিজ করেছেন। ফলে বিরোধীদের পরবর্তী পদক্ষেপ ঘিরে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

সোমবার সকাল থেকেই দিল্লিতে তৎপর পুলিশ। গত দু’দিন ধরে ককরোচ জনতা পার্টির ডাকে রাজধানীতে বিক্ষোভ দেখানোর চেষ্টা করছেন বহু তরুণ। তাঁদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছেন তাঁরা। বিক্ষোভকারীদের আটক করার ঘটনাকে কেন্দ্র করেও বিতর্ক তৈরি হয়েছে।

এ বার একই দাবিতে পথে নামতে চলেছে বিরোধী দলগুলি। সোমবার দুপুর সাড়ে ১টায় ইন্ডিয়া গেট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করার কথা জানিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গেও এই আন্দোলনে রয়েছেন। বিরোধীদের বক্তব্য, ভোটাধিকার রক্ষার লড়াই এটি। গণতন্ত্র বাঁচাতে সাধারণ মানুষকেও মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। এই আন্দোলনকে ‘করো অথবা মরো’ লড়াই বলেও উল্লেখ করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *