বাংলাদেশে ২০২৪ সালে শেখ হাসিনা সরকার, জন আন্দোলনের জেরে উৎখাত হতেই মসনদে বসে মহম্মদ ইউনুসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে বাংলাদেশে নির্বাচন হতেই ইউনুস পদ ছাড়েন। সদ্য সেই মহম্মদ ইউনুসকে চরম হেনস্থার শিকার হতে হল নিউ ইয়র্কের বিমনবন্দরে। ইউনুসকে সেখানে হুইলচেয়ারে দেখা যায়। আর ইউনুসকে দেখতে পেয়েই একদল মানুষ, তাঁর দিকে এগিয়ে গিয়ে ইউনুসকে ‘জঙ্গি’ বলে আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়েন। ট্রাম্পের দেশ আমেরিকার নিউ ইয়র্কে ইউনুসের এই হেনস্থার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিল বাংলাদেশ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান, মহম্মদ ইউনুসকে যুক্তরাষ্ট্রে হেনস্থার ঘটনা নিয়ে বলেন, ‘অবশ্যই এই অপরাধ যাঁরা করছেন, আমাদের অভিনেত্রী (আজমেরী হক বাঁধন) যে হেনস্তার শিকার হয়েছিলেন, তার পর থেকে যে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে, আমি সেটার ব্যাপারে জানি। সুতরাং এ ক্ষেত্রেও এটা হবে। বিদেশে বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বলতে চাই, তাঁরা যদি এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন, এটা আনচ্যালেঞ্জ যাবে না, প্রশ্নই আসে না।’ প্রসঙ্গত, এর আগে, বিদেশের মাটিতে হেনস্থার শিকার হন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাঁধনকে এর আগে, জুলাই আন্দোলনে দেখা গিয়েছিল। ইতালিতে কিছুদিন আগেই হেনস্থার শিকার হন বাঁধন, তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে সম্বোধন করে হেনস্থা করা হয়।
এর আগে, সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় মহম্মদ ইউনুসকে তীব্র হেনস্থার শিকার হতে হয়। সেই সময় বিক্ষোভকারীরা তাঁকে উদ্দেশ্য করে ‘হোয়াই ইউ কাম হেয়ার’সহ নানা অপবাদসূচক কথা বলে চিৎকার করছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগের কয়েকজন প্রবাসী সমর্থকের বিরুদ্ধে তাঁকে হেনস্তা করার অভিযোগ উঠেছে।এদিকে, যে জুলাই আন্দোলনের জেরে শেখ হাসিনাকে শাসন ক্ষমতা থেকে সরে যেতে হয়, সেই জুলাই আন্দোলনের এককাকেলর সদস্য তথা এনসিপি দলের নেতা নাহিদ ইসলাম মহম্মদ ইউনুসের হেনস্থা নিয়ে মুখ খুলেছেন। প্রসঙ্গত, শেখ হাসিনার সরে যাওয়ার পর বাংলাদেশে ইউনুসের নেতৃত্বাধীন সরকারে উপদেষ্টা পদে ছিলেন এনসিপির নাহিদ ইসলাম। নাহিদ বলছেন, জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। তাঁদের সবার নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি আওয়ামি লিগের বিরুদ্ধে সুর চড়িয়ে, ইউনুস হেনস্থাকাণ্ডে আওয়ামি লিগকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
