‘কফি উইথ করণ’-এর নবম ও অন্তিম সিজন (Season 9)-এর গ্র্যান্ড প্রিমিয়ারে একক অতিথি হিসেবে কফির কাউচ আলো করে বসেছিলেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। তবে পর্বে আসর আরও জমাটি হয়ে ওঠে যখন সেখানে হাজির হন সলমনের নস্টালজিক সহ-অভিনেত্রী তথা নব্বইয়ের দশকের হার্টথ্রব কারিশ্মা কাপুর! আড্ডার মাঝে ২০০০ সালের হিট কমেডি ছবি ‘দুলহন হাম লে জায়েঙ্গে’ (Dulhan Hum Le Jayenge)-র সেটের একটি মজার কিন্তু তোলপাড় করা পুরোনো স্মৃতির খোলসা করলেন কারিশমা।
‘ডেভিড ধাওয়ানের কাছে নালিশ জানাতে হয়েছিল!’
কারিশ্মা কাপুর হাসতে হাসতে জানান, শ্যুটিং চলাকালীন সলমনের সঙ্গে তাঁর প্রচুর ঝগড়া হতো। কারিশ্মা বলেন—‘দুলহন হাম লে জায়েঙ্গে’ ছবির শ্যুটিংয়ের সময় একটি পোশাক নিয়ে আমি খুব উত্তেজিত ছিলাম। ভেবেছিলাম এই স্টাইলে দারুণ দেখাবে। কিন্তু সলমন পোশাকটা দেখেই বলে উঠল— ‘এটা তুমি কী পরেছ? তুমি এই পোশাকে থাকলে আমি তোমার সঙ্গে কোনো শট দেব না!’ বাধ্য হয়ে আমাকে পরিচালক ডেভিড ধাওয়ানের কাছে গিয়ে নালিশ জানাতে হয়েছিল যে সলমন আমাকে আমার পছন্দের পোশাক পরতে দিচ্ছে না!’
কেন আপত্তি ছিল সলমনের?
করণ জোহর জিজ্ঞেস করেন পোশাকটি খুব বেশি সেক্সি বা খোলামেলা ছিল বলেই কি সলমন আপত্তি জানিয়েছিলেন? কারিশমা সায় দিয়ে বলেন পোশাকটি সত্যিই বেশ ফিটিং এবং খোলামেলা ছিল। তবে সলমন নিজের সাফাই দিয়ে বলেন, পোশাকটি মূলত খুব ছোট এবং ট্রান্সপারেন্ট ছিল! সলমন মজা করে যোগ করেন—’প্রতিটি টেক নেওয়ার আগে আমাকে কারিশ্মাকে বলতে হতো পোশাকটা একটু টেনে নিচে নামাতে!’
কারিশ্মা অবশ্য স্বীকার করে নেন যে সলমন তাঁর প্রতি অত্যন্ত প্রটেক্টিভ ছিলেন। কারিশমার কথায়, ‘সলমন বলত, ‘যাও পোশাকটা বদলে এসো, আমার একদম পছন্দ হচ্ছে না!’ এই নিয়ে আমাদের রোজ মারামারি হতো।’

পর্দায় সলমন-কারিশ্মা জুটি:
ডেভিড ধাওয়ান পরিচালিত ‘দুলহন হাম লে জায়েঙ্গে’ ছাড়াও ‘জড়ওয়া’, ‘বিউই নম্বর ১’, ‘চল মেরে ভাই’, ‘আন্দাজ আপনা আপনা’ এবং ‘হাম সাথ-সাথ হ্যাঁই’-এর মতো প্রায় ১১টি ব্লকবাস্টার ছবিতে একসঙ্গে কাজ করেছেন সলমন-কারিশমা। তাঁদের অন-স্ক্রিন রসায়ন এবং সেটের পেছনের এই মিষ্টি ঝগড়ার স্মৃতি প্রকাশ পেতে আবারও নেটপাড়ায় স্মৃতিমেদুর অনুরাগীরা!