দেশের গোপন তথ্য চিনের কাছে পাচারর করার অভিযোগে ইতিমধ্যেই কাঠগড়ায় উঠেছেন ভারতীয় সেনার এক সিনিয়র অফিসারের স্ত্রী। জম্মু ও কাশ্মীর পুলিশ তাঁর বিরুদ্ধে, চিন সহ বিদেশে ভারতের গোপন তথ্য ফাঁস করার অভিযোগ এনেছে। জানা যাচ্ছে, নিজের অজান্তেই চিনের পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছেন এই সেনা অফিসারের স্ত্রী। গত ১৪ অক্টোবর তাঁকে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন থেকে আটক করে মিলিটারি স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। চলছে জেরা। কীভাবে এই ফাঁদে পড়েছেন ওই সেনা অফিসারের স্ত্রী?
২০২৩ সালে মেজর পদস্থ ওই সেনা অফিসারকে বিয়ে করেন অভিযুক্ত মহিলা। এর আগে সেনা অফিসারের স্ত্রী, ২০২১ সালে বেঙ্গালুরুর একটি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর, ২০২২ সালে জেনেভা থেকে ইউরোপীয় ও আন্তর্জাতিক শাসনব্যবস্থা বিষয়ে মাস্টার অফ অ্যাডভান্সড স্টাডিজ সম্পন্ন করেন। তিনি নয়াদিল্লির সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ-এ একটি অনলাইন ইন্টার্নশিপও সম্পন্ন করেছিলেন এবং বেশ কয়েকটি গবেষণা ধর্মী পেপার-ও তিনি লেখেন।
সেনা অফিসারের ওই স্ত্রীকে জেরা করে জানা গিয়েছে, জাতিসংঘে ইন্টার্নশিপ করার সময় তিনি বেশ কয়েকজন বিদেশি নাগরিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যাঁদের মধ্যে একজন চিনা নাগরিকও ছিলেন, যার সঙ্গে তিনি কথিতভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন। রিপোর্ট বলছে, তিনি যাঁদের সঙ্গে যোগাযোগ রাখতেন, তাঁরা যে চিনের গুপ্তচর সংস্থার অঙ্গ, তা জানতেন না ওই মহিলা।মনে করা হচ্ছে যে, ২০২৪ সালে ওই মহিলা, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে একজন মালয়েশীয় নাগরিকের সাথেও যোগাযোগ রেখেছিলেন, যিনি একটি পরামর্শক প্রতিষ্ঠান চালাতেন এবং অভিযোগ রয়েছে যে তিনি চিনা গোয়েন্দা সংস্থাগুলোর হয়ে কাজ করতেন। জেরায় তিনি জানিয়েছেন, তাঁর তথ্য সম্পূর্ণরূপে ওপেন-সোর্স গবেষণার ওপর ভিত্তি করে তৈরি, যার সাথে ওপেনএআই-এর চ্যাটজিপিটি এবং অ্যানথ্রোপিক-এর ক্লড-এর সহায়তা নেওয়া হয়েছে।

প্রাথমিক তথ্য বলছে, শিক্ষাবিদ সেজে, চিনা গুপ্তচর সংস্থার সঙ্গে জড়িত ওই ব্যক্তিরা মহিলাকে দিয়ে ভারতের স্ট্র্যাটেজিক ও অপারেশনাল বিভিন্ন দিক নিয়ে পেপার লেখান। প্রাথমিকভাবে তারা তাঁকে পরিবেশ ও ভূ-রাজনীতি সম্পর্কিত বিষয় নিয়ে লিখতে দেয় এবং ধীরে ধীরে তাঁকে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে লিখতে উৎসাহিত করে। মহিলার থেকে বাজেয়াপ্ত করা মোবাইলে জানা গিয়েছে, তাঁর ফোন থেকে উদ্ধার করা প্রাথমিক তথ্যে মানেকশ সেন্টারে ভারত-ইতালি প্রতিরক্ষা বৈঠক, ভারতীয় সেনাপ্রধানের মার্কিন যুক্তরাষ্ট্র সফর, ভারত-রাশিয়া প্রতিরক্ষা চুক্তি, অরুণাচল প্রদেশের কালাই-২ জলবিদ্যুৎ ও কমলা প্রকল্প, কোল্ড স্টার্ট ডকট্রিন, ভারত-সেশেলস সম্পর্ক, আসামের প্রকল্প এবং ভারত-চিন সম্পর্কসহ বিভিন্ন সংবেদনশীল বিষয়ের নথি পাওয়া। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ফ্রিল্যান্স গবেষক হিসেবে কাজ করার সময় তিনি পরিকল্পিতভাবে গবেষণা চালিয়েছিলেন এবং সন্দেহভাজন বিদেশি যোগাযোগের সঙ্গে তথ্য আদান-প্রদান করেছিলেন কি না।