চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে ভিক্টোরিয়ায়

Spread the love

নতুন সরকার আসার পর এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ৩২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ অর্থাৎ ২৭ অক্টোবর নন্দনে একটি বৈঠক হয় এই বিষয় নিয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়, সন্দীপ রায় সহ একাধিক ব্যক্তিত্বরা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী বলেন, ‘এই বছর কলকাতাকে সাজিয়ে তোলার প্ল্যানিং হয়েছে। কিছু কিছু ল্যান্ডমার্ক, যেগুলো আমাদের মাথায় আছে সেগুলোকে সাজিয়ে তোলার প্ল্যানিং করেছি। এবারে খুব সম্ভবত ভিক্টোরিয়ায় উদ্বোধন হবে চলচ্চিত্র উৎসবের। ভিক্টোরিয়ায় রেড কার্পেট হবে।’

 

এইবার কারা কারা অতিথি হয়ে আসছেন কলকাতা চলচ্চিত্র উৎসবে জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘এই বছর রজনীকান্ত, প্রভাস উপস্থিত থাকবেন। অনুপম খেরের সঙ্গে কথা বলছি। কঙ্গনার সঙ্গেও কথা বলব। বেশি ভিড় বাড়াবো না। তবে হলিউড তারকাদের সঙ্গেও কথা বলার ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কি হয়।’

প্রসঙ্গত, গত বছর পর্যন্ত নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন সরকার আসার পর এবার ভিক্টোরিয়ায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেহেতু প্রথমবার এই অনুষ্ঠানের আয়োজক হলেন বিজেপি সরকার তাই কোথাও কোন যেন খামতি থেকে না যায়, তার চেষ্টা করা হচ্ছে।প্রসঙ্গত, রাজ্যের পালা বদলের পর অনেক কিছুতেই এসেছে পরিবর্তন। প্রতিবার নভেম্বর মাসে সিনে উৎসব অনুষ্ঠিত হলেও এবার হবে ডিসেম্বরে। ইতিমধ্যে বিভিন্ন দেশের আন্তর্জাতিক সিনেমার তালিকা জমা পড়েছে। ৩২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ থাকবে উত্তম কুমারের ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *