দেশের নিজস্ব ন্যাভিগেশন শক্তিকে জোরালো করতে NVS-03র সফল উৎক্ষেপণ ISROর

Spread the love

GSLV-F18 রকেট পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট NVS-03কে সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইসরো। আর এর সঙ্গেই দেশ তার নিজস্ব নেভিগেশন সিস্টেম-কে আরও শক্তিশালী করে তুলতে পারবে বলে মনে করা হচ্ছে। ভারতের রয়েছে নিজস্ব মহাকাশভিত্তিক দিকনির্ণয়কারী ব্যবস্থা। নাম, ‘নেভিগেশন উইথ ইন্ডিয়া কনস্টেলেশন’ বা নেভিক। সেই নেভিককেই আরও জোরদার করতে এই নয়া উৎক্ষেপণ বেশ তাৎপর্যবাহী। এই স্যাটেলাইটের দ্বারা বিভিন্ন ক্ষেত্রে সুবিধার পাশাপাশি, ভারতের সেনাও পেতে চলেছে কিছু সুবিধা।

দেশি জিপিএস সিস্টেম বা নেভিকের সহায়তায় শত্রুঘাঁটিতে নিখুঁত নিশানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে এ দেশের ফৌজ। বুঝে নেয় তাদের অবস্থান। আমেরিকান জিপিএস বা দেশি গ্লোনাস জিপিএস-র মতোই এই নেভিক কাজ করে থাকে। দ্য টাইমস অফ ইন্ডিয়া-র রিপোর্ট বলছে, ভারতের এই নেভিগেশন সিস্টেমকে চালু রাখতে ৪টি স্যাটেলাইটের প্রয়োজন, সেখানে ৩ টি স্যাটেলাইলট কার্যকর ছিল। ২০২৫ সালের জানুয়ারিতে NVS-02 উপগ্রহ লঞ্চ করেছিল ইসরো। GSLV-F15 রকেটের সাহায্যে উপগ্রহটিকে নির্দিষ্ট ট্রান্সফার কক্ষপথে পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটিকে নির্দিষ্ট কার্যকরী কক্ষপথে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে NVS-03 সফলভাবে উৎক্ষেপণ হয়েছে শুক্রবারের রাত ১১ টা ৫১ মিনিটে।

মহাকাশভিত্তিক দিক নির্ণয়কারী ব্যবস্থা বা নেভিকের প্রয়োজন ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় থেকে অনুভূত হয়। সেই সময় পাকিস্তানের আক্রমণকারী সেনার ঘাঁটি খুঁজে নিখুঁতভাবে তাতে হামলা চালাতে ভারতের বায়ুসেনার প্রয়োজন ছিল মার্কিন জিপিএস। সেই থেকেই দেশীয় জিপিএস তৈরির উদ্যোগ শুরু হয়। বর্তমানে ভারতে তৈরি এই নেভিক ব্যবস্থা, এদেশের মূল ভূখণ্ডের পাশাপাশি সীমান্তের বাইরে প্রায় ১,৫০০ কিলোমিটার পর্যন্ত এলাকায় অবস্থান এবং সময় সংক্রান্ত তথ্য দিতে পারে। তবে , বিশ্বের যে কোনও জায়গা খুঁজে দেয় মার্কিন জিপিএস বা রাশিয়ার গ্লোনাস। ফলত, এর দ্বারা, সড়কপথে যাতায়াত, সমুদ্রপথে জাহাজ চলাচল, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, কৃষিকাজ এবং সেনাবাহিনীর বিভিন্ন কাজে NavIC ব্যবহার করা যায়। মনে করা হচ্ছে, ইসরোর এই সফল উৎক্ষেপণের জেরে বিদেশি জিপিএস সিস্টেমের ওপর নির্ভরতা কমানো যাবে।

 

Leave a Reply