Indian Air Force Chief Latest Update: মা ও শাশুড়িকে প্রণাম করলেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণের পরে আজ সকালে নয়াদিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে ভারতের বীর সেনানীদের সম্মান জানান। সেখান থেকে সোজা মা নির্মলা দীক্ষিতের কাছে গিয়ে তাঁর পায়ে হাতে প্রণাম করেন এবং স্যালুট করেন। তারপর শাশুড়ি কমলা পান্ডের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তাঁকেও স্যালুট করেন ভারতীয় বায়ুসেনার নয়া প্রধান।
ভারতীয় বায়ুসেনার জন্য VAYU তত্ত্বে জোর
তারইমধ্যে বায়ুসেনা প্রধান হিসেবে ‘বায়ু’ (VAYU) তত্ত্বের উপরে জোর দিয়েছেন এয়ার চিফ মার্শাল দীক্ষিত। তিনি বলেছেন, ‘আমাদের যে যে অগ্রাধিকার আছে, সেগুলিকে একটি শব্দেই বলা যায় – VAYU।’ সেই ‘VAYU’-র পুরোটা ব্যাখ্যা করে তিনি জানিয়েছেন যে ‘V’ বলতে বোঝায় নজরদারি, জয় ও প্রস্তুতি। ‘A’ হল আত্মনির্ভরতা। ‘Y’ হল যুক্ত করা অর্থাৎ নয়া প্রযুক্তিতে সজ্জিত হওয়া। আর ‘U’ হল ঐক্য।
‘A’-র ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ আছে
আর সেই ‘VAYU’-র মধ্যে ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল দীক্ষিতকে যে সবথেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেটা হল ‘A’-র ক্ষেত্রে। কারণ ভারতীয় বায়ুসেনার জন্য যেখানে ৪২টি যুদ্ধবিমান স্কোয়াড্রনের অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে এখন সেই সংখ্যাটা ৩০-র নীচে নেমে গিয়েছে। সেই পরিস্থিতিতে যুদ্ধবিমান যুক্ত করে স্কোয়াড্রন সংখ্যা বাড়ানোর চ্যালেঞ্জ আছে।

তেজস থেকে অ্যামকা- ভারতীয় অস্ত্রের উপরে জোর নয়া বায়ুসেনা প্রধানের
সেক্ষেত্রে ‘VAYU’-র ‘A’ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল দীক্ষিত বলেন, ‘তেজস এমকে১এ, তেজস এমকে২, অ্যামকা (অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট), ভারতীয় সেনসর এবং ভারতীয় অস্ত্রের উপরে আমরা সবথেকে বেশি অগ্রাধিকার দিচ্ছি। আমরা ভারতীয় সামগ্রী নিয়ে লড়াই করব। নিজেদের দৃঢ়তা এবং অপারেশনাল চাহিদা পূরণের জন্য যত সংখ্যক প্রয়োজন হয়, ততগুলি রাখব আমাদের কাছে। আমাদের দায়িত্ব হল, লড়াই করা এবং জয়লাভ করা। তবে আকাশপথে শক্তিশালী ক্ষমতার মাধ্যমে সংঘাতকে প্রতিরোধ করাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।’
সেই রেশ ধরে ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল দীক্ষিত বলেন, ‘আগামী দশকে ভারতের যে ধরনের বায়ুসেনার প্রয়োজন হবে, সেই রূপান্তরের প্রক্রিয়ার পাশাপাশি বায়ুসেনাকে সর্বদা লড়াই করতে ও জয়ী হতে প্রস্তুত থাকতে হবে।’