LPG Gas Cylinder Prices November 2026। রান্নার গ্যাসের দাম বাড়ল! ১১.৫ টাকা চেন্নাইয়ে

Spread the love

LPG Gas Cylinder Prices November 2026: কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজোর আগে সামান্য বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, পয়লা নভেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে যেমন সিলিন্ডারপিছু দাম বেড়েছে ১০ টাকা। আবার চেন্নাইয়ে প্রতিটি সিলিন্ডারের দাম ১১.৫ টাকা বেড়ে গিয়েছে। আমদাবাদে দাম বেড়েছে ১০.৫ টাকা। তবে ১৪.২ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামের কোনও হেরফের করা হয়নি। তা অপরিবর্তিত আছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

নভেম্বরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

ওই প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২,৮১০ টাকা। সেপ্টেম্বরের থেকে ৬২.৫ টাকা দাম বেড়েছিল। আর পয়লা নভেম্বর থেকে সেটা বেড়ে ২,৮২০ টাকায় পৌঁছে গিয়েছে। চেন্নাইয়ে আবার আজ (১ নভেম্বর) থেকে ১৯ কেজির একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে ২,৯৯৪.৫ টাকা। অক্টোবরে সেই দামটা ২,৯৮৩ টাকা ছিল।

সেখানে গত মাসে আমদাবাদে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২,৮৩১.৫ টাকা ছিল। ওই প্রতিবেদন অনুযায়ী, আজ থেকে সেই দামটা পড়বে ২,৮৪২ টাকা। আবার শিলং এবং লখনউয়ে নভেম্বরের প্রথম দিন থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে ৩,০৯১ টাকা এবং ২,৯৪২ টাকায় পৌঁছে গিয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

হোটেল, রেস্তোরাঁয় রান্নার কাজে লাগে বাণিজ্যিক সিলিন্ডার

এমনিতে হোটেল, রেস্তোরাঁ-সহ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (হোটেল, রেস্তোরাঁয় রান্নার কাজে ব্যবহৃত হয়) বাড়লে সেখানে খাবারের দামও বাড়ানোর পথে হাঁটেন ব্যবসায়ীরা। সেক্ষেত্রে বেশি টাকা গুনতে হয় গ্রাহকদেরও। খরচ বাড়ে তাঁদের।

 

সেখানে চলতি বছর ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেশি অনেকটাই বেড়েছে। গত বছর নভেম্বরে দিল্লিতে দাম ছিল ১,৫৯০.৫ টাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ-সহ অন্যান্য কারণে গতবারের নভেম্বরের থেকে এই বছরের নভেম্বরে সেটা প্রায় ১,৩০০ দাম বেড়ে গিয়েছে। আর চলতি বছর জানুয়ারিতে দিল্লিতে একটি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৬৯১.৫ টাকা।

নভেম্বরে ভর্তুকিহীন ১৪.২ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম

ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অবশ্য পরিবর্তন হয়নি। ইরান যুদ্ধের প্রেক্ষিতে গত ৭ জুন শেষবার দাম পরিবর্তন করা হয়েছিল। ১ নভেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে ভর্তুকিহীন ১৪.২ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কত পড়ছে, তা দেখে নিন।

১) কলকাতা: ৯৬৮ টাকা।

২) দিল্লি: ৯৪২ টাকা।

৩) মুম্বই: ৯৪১.৫ টাকা।

৪) চেন্নাই: ৯৫৭.৫ টাকা।

৫) আমদাবাদ: ৯৪৯ টাকা।

৬) লখনউ: ৯৭৯.৫ টাকা।

Leave a Reply