এবার আর কোনও ইঙ্গিত বা লুকোছাপা নয়, সরাসরি নিজের মনের আবেগ প্রকাশ করে ফেললেন জনপ্রিয় অভিনেতা জীতু কমল(Jeetu Kamal)। এতদিন সৃজলাকে বারবার বলতে শোনা গিয়েছে, ‘কেন ভালোবেসে ফেললে?’ সে কথা শুনে অনেকেই সৃজলার ‘মাথার ব্যামো’ নিয়ে কটাক্ষ করেছেন। তবে ভুল ছিলেন না সৃজলা।
জীতু-সৃজলার প্রেম ও খেলা নিয়ে কী বললেন প্রাক্তন স্ত্রী নবনীতা?
জীতু ও সৃজলাকে ঘিরে এই প্রেমের চর্চা এবং বিগ বসের খেলা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জীতুর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী নবনীতা দাস জানান, সাম্প্রতিক সময়ে ব্যস্ততার কারণে তিনি শো-টি দেখে উঠতে পারেননি।হাসিমুখে নবনীতা বলেন. “আমি সত্যিই কদিন ধরে বিগ বস দেখতে পারছি না, মানে বেশ অনেক দিনই হলো। এখন খেলা কেমন চলছে আমি কিচ্ছু বলতে পারব না। আগে আমার খেলা ভালো লাগত, মাঝখানে দেখেওছি এবং তা নিয়ে বলেছিও যে ওদের খেলা ভালো লাগছে। কিন্তু বিগত কিছুদিন ধরে আমি ভীষণ বাড়ির ইন্টিরিয়ার ও রিনোভেশনের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তাই একদম দেখতে পাইনি।’
আকাশ-বাতাসকে সাক্ষী রেখে প্রেমের প্রস্তাব:
বিগত কয়েক দিন ধরেই বিগ বসের ঘরে জীতু কমল ও সৃজলা গুহর রসায়ন দর্শকদের বিশেষ নজর কাড়ছিল। একসঙ্গে কফির আড্ডা থেকে শুরু করে গল্পগুজব এবং ভবিষ্যতের পরিকল্পনা ভাগ করে নেওয়ার নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পর্বের শেষভাগে আলো-আঁধারির আবহে সৃজলার মুখোমুখি হয়ে জীতু বলেন, ‘এই আকাশ, এই বাতাসকে সাক্ষী রেখে বলছি… আমি তোমাকে ভালোবাসি।’ আবেগঘন কণ্ঠে জীতুর এই প্রেমের প্রস্তাব শুনে হাসতে দেখা যায় সৃজলাকে। কী জবাব দেবেন নায়িকা? সেইদিকে নজর সকলের।
শো-এর সাম্প্রতিক পর্বের শেষভাগে অভিনেত্রী সৃজলা গুহ-কে হাত ধরে প্রেমের প্রস্তাব দিতে দেখা গেল জীতুকে, যা সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই তুমুল তোলপাড় সৃষ্টি করেছে। আর এই সমস্ত চড়তে থাকা জল্পনার মাঝেই সামনে এলো জিতুর প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী নবনীতা দাস-এর মন্তব্য।

গুঞ্জনে কি তবে চূড়ান্ত মোহর?
সৃজলার আসন্ন জন্মদিনে ভিয়েতনাম ভ্রমণের পরিকল্পনার কথা শুনে জীতুর সেখানে সঙ্গে যাওয়ার ইচ্ছেপ্রকাশের পর থেকেই তাঁদের রসায়ন নিয়ে আলোচনা চলছিল। তবে এতদিন সেই সম্পর্ককে নিছকই বন্ধুত্ব বলে ধরে নেওয়া হলেও, বিগ বসের মঞ্চে এই প্রকাশ্য প্রস্তাবের পর নেটপাড়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে— তবে কি সত্যি শুরু হলো জীতু ও সৃজলার নতুন ভালোবাসার অধ্যায়? নেটিজেনরা অবশ্য দু-ভাগে বিভক্ত। সৃজলা নিজের গেম নষ্ট করছেন বলে অভিযোগ অনেকের। কেউ আবার বলছেন, ‘সৃজলা কি সত্যি নবনীতা-দিতিপ্রিয়ার খবর রাখে না?’