খতম লস্করের শেষ সক্রিয় স্থানীয় কমান্ডার লতিফ ভাট

Spread the love

জম্মু-কাশ্মীরে জঙ্গিদমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তাবাহিনী। দক্ষিণ কাশ্মীরের শেষ সক্রিয় স্থানীয় জঙ্গি কমান্ডার বলে পরিচিত লস্কর-ই-তইবার সদস্য মহম্মদ লতিফ ভাটকে খতম করল যৌথবাহিনী। বুধবার, ১৮ নভেম্বর কুলগাম জেলার জাঙ্গালগাম গ্রামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ২৩ বছর বয়সি এই জঙ্গির। প্রায় এক বছর ধরে তার খোঁজে অভিযান চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। শেষ পর্যন্ত একটি মসজিদের ভিতরে আটকে পড়ে লতিফ। আত্মসমর্পণের জন্য বারবার আবেদন জানানো হলেও সে রাজি হয়নি। এরপর সংঘর্ষে তার মৃত্যু হয়। নিরাপত্তা আধিকারিকদের মতে, দক্ষিণ কাশ্মীরে জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াইয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য।

 বুধবার সকাল থেকেই কুলগামের জাঙ্গালগাম গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ দল। গোটা গ্রাম ঘিরে ফেলা হয়। তল্লাশির একপর্যায়ে একটি মসজিদের ভিতরে লতিফ ভাটের অবস্থান নিশ্চিত হয়। তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তাবাহিনীর আবেদন প্রত্যাখ্যান করে সে। শেষ পর্যন্ত সংঘর্ষে তার মৃত্যু হয়।

এই অভিযানকে ঘিরে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত ছিল কুলগাম। সোমবার, ১৬ নভেম্বর লারু বাইপাস এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লতিফের ঘনিষ্ঠ সহযোগী উমর নিসার দার নিহত হয়। তবে সেদিন নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপ ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল লতিফ। এরপর থেকেই তাকে ধরতে গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছিল। অবশেষে বুধবার সেই অভিযানের পরিণতি হল।

কে ছিল এই লতিফ ভাট?

নিরাপত্তা সংস্থার নথি অনুযায়ী, কুলগামের খ্রেওয়ান গ্রামের বাসিন্দা মহম্মদ লতিফ ভাট একসময় পেশায় কাঠমিস্ত্রি ছিল। ২০২৫ সালের নভেম্বর মাসে আচমকাই নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের তরফে ১৯ নভেম্বর স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে তাকে লস্কর-ই-তইবার সহযোগী সংগঠন কাশ্মীর রেভলিউশন আর্মি বা KRA-তে যোগ দিতে দেখা যায় বলে দাবি। এরপর থেকেই কাশ্মীরের অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি হয়ে ওঠে সে।

একাধিক হামলায় জড়িত থাকার অভিযোগ

দক্ষিণ কাশ্মীরে একাধিক সন্ত্রাসবাদী হামলার সঙ্গে লতিফের যোগ থাকার অভিযোগ রয়েছে। গত ২২ জুলাই জম্মু-কাশ্মীর পুলিশের এক হেড কনস্টেবলকে হত্যার ঘটনায় তার নাম উঠে আসে। ৩১ জুলাই কুলগামে একটি ইটভাটায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিককে হত্যার সঙ্গেও তার যোগ থাকার অভিযোগ রয়েছে। এমনকী, অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের উপর হামলার পরিকল্পনাতেও তার নাম উঠে এসেছিল।

সাম্প্রতিক সময়ে গত ১১ নভেম্বর কুলগামের আখরান গ্রামে CRPF-এর একটি পোস্টে হামলার ঘটনায়ও প্রধান সন্দেহভাজন ছিল লতিফ। ওই হামলায় তিনজন CRPF কর্মী আহত হয়েছিলেন। তদন্তকারীদের দাবি, হামলার আগের দিন লতিফ ও তার সহযোগী উমর নিসার দারকে মীর বাজার, আখরান, হাবলিশ এবং কিলাম এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল CCTV ফুটেজে।

বারবার নিরাপত্তাবাহিনীর চোখে ধুলো দিয়েছিল

লতিফের বিরুদ্ধে অভিযান সহজ ছিল না। গত এক বছরে অন্তত দু’বার নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপ থেকে পালিয়ে গিয়েছিল সে। গত ৮ জুলাই অনন্তনাগের জঙ্গলে অভিযানে তার প্রশিক্ষক বলে পরিচিত জাকির আহমেদ গনাই নিহত হলেও পালাতে সক্ষম হয়েছিল লতিফ। ২০২৫ সালের ডিসেম্বরেও অনন্তনাগে পুলিশের নজরদারি এড়িয়ে পালিয়ে যায় সে। স্থানীয় ভূখণ্ড সম্পর্কে গভীর ধারণা এবং সাধারণ মানুষের ভিড়ে মিশে যাওয়ার দক্ষতাই তাকে বারবার বাঁচিয়ে দিয়েছিল বলে জানিয়েছেন নিরাপত্তা আধিকারিকরা।

Leave a Reply