‘ক্রাইম করে ‘সরি’ বললেই ছেড়ে দেওয়া হবে?’

Spread the love

‘বিগ বস বাংলা’-র ঘরে ‘টিকিট টু ফিনালে’-র টাস্কে সহ-প্রতিযোগী সৌরভ দাসকে রিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন অভিনেতা জীতু কমল। জীতুর ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে সৌরভের হাত কেটে রক্তপাত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই উত্তাল নেটপাড়া। নিয়ম ভেঙে এবং শিবের নামে মিথ্যে দিব্বি দিয়ে জীতুর এই জয় মেনে নিতে পারছেন না দর্শকদের একাংশ। ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত নায়কের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় যখন সমালোচনার ঝড় বইছে, ঠিক সেই আবহেই আগুনে ঘি ঢালল জীতুর প্রাক্তন সহ-নায়িকা দিতিপ্রিয়া রায় এবং প্রাক্তন স্ত্রী নবনীতা দাস-এর ইঙ্গিতপূর্ণ পোস্ট!

টাস্কে সৌরভকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর জীতু দাবি করেছিলেন, তিনি শনিবার সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (‘দাদা’) সামনে গিয়ে এই টিকিট ফিরিয়ে দেবেন এবং ক্ষমা চেয়ে নেবেন। জীতুর এই ‘ড্যামেজ কন্ট্রোল’-কেই যেন নাম না করে কড়া ভাষায় বিঁধলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

সোশাল মিডিয়ায় একটি পোস্টের কমেন্ট বক্সে দিতিপ্রিয়া কারুর নাম না করেই লিখেছেন, ‘একটা সিম্পল কোয়েশ্চেন আমার— আমি যদি কোনো ক্রাইম করে ‘সরি’ বলি তাহলেই আমাকে ছেড়ে দেওয়া হবে তো? জাজের সামনে গিয়ে সরি বলতে হবে তো?’

প্রসঙ্গত, এর আগেও একটি প্রজেক্ট ঘিরে জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে তীব্র মতবিরোধ ও বিতর্ক তৈরি হয়েছিল, যা নিয়ে টলিপাড়ায় কম জলঘোলা হয়নি। সেই পুরনো তিক্ততার রেশের মাঝেই জীতুর সাম্প্রতিক কাণ্ডে দিতিপ্রিয়ার এই কটাক্ষ মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। জীতুর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আর্টিস্ট ফোরামের পর্যন্ত দ্বারস্থ হয়েছিলেন তাঁর চিরদিনই তুমি যে আমার নায়িকা। অবশেষে সিরিয়াল ছেড়েই বেরিয়ে যান দিতিপ্রিয়া। জীতুর সঙ্গে একসাথে শট দিতে অস্বীকার করেন তিনি।

Leave a Reply