প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে চর্চায় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। রণবীর কাপুর ও যশ অভিনীত এই ছবিকে ঘিরে এবার তৈরি হল নতুন বিতর্ক। ছবিতে রাবণকে মহিমান্বিত করে দেখানোর অভিযোগ তুলল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। শুধু সমালোচনা করেই থেমে থাকেনি তারা। ছবিটির সেন্সর শংসাপত্র বাতিল করে অবিলম্বে দেশজুড়ে প্রদর্শন বন্ধ করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
শনিবার ভিএইচপির আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার এই দাবি জানান। তাঁর অভিযোগ, মহর্ষি বাল্মীকির রচিত মূল রামায়ণের একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার বিকৃতি ঘটানো হয়েছে ছবিতে। এমন কিছু ঘটনা দেখানো হয়েছে, যার কোনও উল্লেখ মূল মহাকাব্যে নেই। পাশাপাশি বাদ দেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র ও ঘটনা। ভিএইচপির সাধারণ সম্পাদক বজরং লাল বাগড়াও ছবির বিষয়বস্তু নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে বাগড়া অভিযোগ করেন, ভগবান রামের একশো কোটিরও বেশি ভক্তের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে একটি রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। তাঁর মতে, মূল রামায়ণের সঙ্গে এমন পরিবর্তন গ্রহণযোগ্য নয়।
ছবিটি নিয়ে আপত্তির কারণ ব্যাখ্যা করতে গিয়ে অলোক কুমার বলেন, তাঁরা ছবিটি দেখেছেন এবং পর্যালোচনা করেছেন। তাঁদের মতে, এখানে ইতিহাসের নানা ঘটনার বিকৃতি ঘটানোর পাশাপাশি কাল্পনিক ঘটনাও সংযোজন করা হয়েছে। শুধুমাত্র বিনোদনের জন্য নাটকীয়তা বাড়ানোই এর উদ্দেশ্য নয়, বরং রামের জীবন ও আদর্শের মূল ভিত্তিকেই আঘাত করা হয়েছে।

অলোক কুমারের বক্তব্য, রাম ১৪ বছর বনবাসে কাটিয়েছিলেন। সেই সময় সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয়েছিল। তপস্বীর বেশে খালি পায়ে তিনি অরণ্যে ঘুরে বেড়িয়েছেন। অহল্যার আশ্রমে গিয়ে তাঁর সম্মান ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার ঘটনাও রামায়ণের গুরুত্বপূর্ণ অংশ। একইভাবে নিষাদরাজকে রাম ও ভরত বন্ধু হিসেবে সম্মান দিয়েছিলেন। জাতপাতের ঊর্ধ্বে উঠে ভালোবাসা ও বন্ধুত্বের বার্তাই সেখানে ফুটে উঠেছিল। কেওটের সঙ্গে রামের আচরণের মধ্যেও সামাজিক সম্প্রীতির বার্তা ছিল। কিন্তু ছবিতে এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলির কোনও প্রতিফলন নেই বলে দাবি তাঁর।
ভিএইচপির সবচেয়ে বড় আপত্তি অবশ্য রাবণকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে। সংগঠনের অভিযোগ, ছবির শুরু থেকেই রাবণকে দলিত, শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তিদাতা হিসেবে তুলে ধরা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করা এক শাসক হিসেবে তাঁর ভাবমূর্তি তৈরি করার চেষ্টা হয়েছে। ভিএইচপির মতে, এর মাধ্যমে রাবণকে মহিমান্বিত করা হচ্ছে।