অরুণাচল প্রদেশের সীমান্তে উত্তেজনা কমাতে ফের আলোচনায় বসল ভারত ও চিন। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিতীয় দফার কোর কমান্ডার স্তরের বৈঠক সম্পন্ন হয়েছে। প্রায় ১০ দিন ধরে চলা এই বৈঠকে মূলত সীমান্তে সেনাদের মধ্যে সংঘাত এড়ানো, যোগাযোগের নিয়ম ঠিক করা এবং উত্তেজনা প্রশমনের পথ খোঁজার বিষয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকে যে সব বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে, সেগুলি শীতের প্রকোপ বাড়ার আগেই বাস্তবে কার্যকর করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
সূত্রের খবর, দীপাবলির ঠিক পরেই গত ৮ নভেম্বর এই বৈঠক শুরু হয়েছিল। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চলা আলোচনা প্রায় ১০ দিন ধরে চলে। ভারতের তরফে আলোচনায় নেতৃত্ব দেন সেনাবাহিনীর তৃতীয় কোর বা স্পিয়ার কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল গিরিশ কালিয়া। তাঁর সঙ্গে ছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক। বৈঠক যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে জানা গিয়েছে।
এই আলোচনার অন্যতম লক্ষ্য ছিল সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে মুখোমুখি সংঘাত এড়ানোর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম তৈরি করা। পাশাপাশি, টহলদারির সময়ে কোনও পক্ষের সেনা যাতে অন্য পক্ষের সঙ্গে সংঘাতে না জড়ায়, তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগের পথ খোলা রাখাও আলোচনার অন্যতম উদ্দেশ্য।
আসলে অরুণাচল সীমান্তের একাধিক এলাকায় ভারত ও চিন, দুই দেশই বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করে রেখেছে। শীত বাড়লে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে সেনাদের জন্য রসদ পৌঁছনো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। দুর্গম পাহাড়ি এলাকায় তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়া সামরিক পরিকাঠামো বজায় রাখার ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ তৈরি করে। ফলে শীতের আগে সীমান্তে উত্তেজনা কমানোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দু’পক্ষ।

উল্লেখ্য, চলতি বছরের ৬ ও ৭ সেপ্টেম্বর অরুণাচল সীমান্তে প্রথম দফার কোর কমান্ডার স্তরের বৈঠক হয়েছিল। কিবিথু সেক্টরের ওয়াচা-দামাই সীমান্ত বৈঠক কেন্দ্রে দুই দেশের সেনা আধিকারিকেরা আলোচনায় বসেন। আপার সুবনসিরি জেলার তাকসিং এলাকায় উত্তেজনার খবর সামনে আসার পরই ওই বৈঠক হয়েছিল। তার আগে অগস্ট মাসে বেজিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র মধ্যে সীমান্ত নিয়ে আলোচনা হয়েছিল।
এদিকে, গত অক্টোবরেও অরুণাচল সীমান্তে দুই দেশের সেনাদের মুখোমুখি হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-র তৎকালীন ডিজি শত্রুজিৎ কাপুর। তাঁর বক্তব্য ছিল, রাজ্যের একাধিক এলাকায় ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। এর পর বিদেশ মন্ত্রক জানিয়েছিল, চিনা সেনা নির্ধারিত টহলদারির নিয়ম থেকে সরে এলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতির অবনতি ঘটে।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও সম্প্রতি সীমান্ত সমস্যা নিয়ে সরব হয়েছিলেন। তাঁর বক্তব্য, ১৯১৪ সালে ব্রিটিশ ভারত ও তিব্বতের মধ্যে নির্ধারিত ম্যাকমোহন লাইনকে চিন স্বীকৃতি দেয় না। ফলে সীমান্তের অবস্থান নিয়ে বিরোধ থেকেই যায়। কখনও কখনও অস্পষ্ট সীমান্তের কারণে দুই দেশের টহলদারি দল একে অপরের এলাকায় ঢুকে পড়ে।