রাজবীর-নন্দিনীর প্রেম কি এবার বড় পর্দায়?

Spread the love

বিগ বস বাংলার চলতি সিজনে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে রাজবীর দে(Rajveer Dey) ও নন্দিনী দত্তের(Nandini Dutta) সম্পর্ক। কখনও প্রেম, কখনও অভিমান, আবার কখনও ঝগড়া ও মান-অভিমানের পালা—সব মিলিয়ে এই দুই প্রতিযোগীকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। এমনকী, তাঁদের সম্পর্কের টানাপোড়েনের জেরেই শেষ পর্যন্ত শো ছাড়তে হয় নন্দিনীকে। প্রেমিক রাজবীরের সঙ্গে বিবাদের সময় তাঁর গায়ে হাত তোলার অভিযোগে নন্দিনীকে বিগ বসের ঘর থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়।

তবে রিয়েলিটি শো শেষ হওয়ার আগেই রাজবীর-নন্দিনী জুটিকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিগ বসের মঞ্চ থেকে রাজবীর যে জনপ্রিয়তা পেয়েছেন, তার পর খুব শীঘ্রই তাঁকে টলিউডে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছিল। এরই মধ্যে প্রযোজক রাণা সরকারের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।

সম্প্রতি রাণা সরকার রাজবীর ও নন্দিনীকে নিয়ে একটি পোস্টে লেখেন, ‘রাজবীর নন্দিনীর বিয়ে হলে মানুষ বেশি খুশি হবে? নাকি ওদের জুটির সিনেমা হলে?’ আর এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে আলোচনা। তাহলে কি এবার বড় পর্দায় জুটি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন রাজবীর ও নন্দিনী? তাঁদের নিয়ে কি কোনও নতুন ছবির পরিকল্পনা করছেন প্রযোজক? নাকি নিছকই মজার ছলে এমন প্রশ্ন তুলেছেন তিনি, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

রাণার পোস্টে নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল বেশ নজরকাড়া। অধিকাংশেরই বক্তব্য, তাঁরা রাজবীর-নন্দিনীর বিয়ে এবং তাঁদের জুটির সিনেমা—দুটোই দেখতে চান। তবে একজন নেটিজেনের মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। তাঁর মতে, বিয়ে জীবনের অনেক বড় সিদ্ধান্ত। তাই বিগ বসের ঘরের বাইরে এসে দু’জনের আরও কিছুটা সময় একসঙ্গে কাটানো এবং একে অপরকে ভালোভাবে চেনা প্রয়োজন। আপাতত তাঁদের একসঙ্গে সিনেমায় দেখলেও মন্দ হয় না। যদিও ওই দর্শকের পছন্দের তালিকায় রাজবীরের সঙ্গে সৃজলার জুটিও রয়েছে।

এদিকে, বিয়ে নিয়ে নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছেন নন্দিনী। তাঁর কথায়, বিগ বসের ঘরের বাইরে রাজবীরের সঙ্গে অন্তত কয়েক বছর সময় না কাটিয়ে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। অর্থাৎ, পর্দার বাইরের সম্পর্ককে আরও সময় দিতে চান তিনি।

অন্যদিকে, বিগ বসের ঘরে থাকাকালীন রাজবীরের কথাবার্তায় নন্দিনীকে নিয়ে তাঁর আগ্রহ বেশ কয়েকবার প্রকাশ পেয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনের সময় রাজবীর জানিয়েছিলেন, শো থেকে বেরিয়েই নন্দিনীকে নিজের শিলিগুড়ির বাড়িতে নিয়ে যেতে চান তিনি। শুধু তাই নয়, পারিবারিক সপ্তাহে তাঁর মা যখন বিগ বসের ঘরে এসেছিলেন, তখনও মায়ের কাছে বারবার জানতে চেয়েছিলেন নন্দিনীকে তাঁদের পছন্দ হয়েছে কি না।

এখন বিগ বসের ঘর থেকে বেরিয়ে এলেও রাজবীরের পাশে থাকার চেষ্টা করছেন নন্দিনী। ফলে তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কৌতূহল ক্রমশ বাড়ছে। রিয়েলিটি শোয়ের ক্যামেরার সামনে শুরু হওয়া এই প্রেম কি সত্যিই পরিণতি পাবে? বিয়ের সিদ্ধান্তে পৌঁছবেন রাজবীর-নন্দিনী, নাকি আপাতত বড় পর্দায় জুটি বেঁধেই দর্শকদের চমক দেবেন তাঁরা?

সব প্রশ্নের উত্তর অবশ্য সময়ই দেবে। তবে একটা বিষয় স্পষ্ট, বিগ বস বাংলার ঘর ছাড়ার পরেও রাজবীর-নন্দিনীকে ঘিরে দর্শকদের আগ্রহ একটুও কমেনি।

Leave a Reply