সপ্তাহের প্রথম দিনেই বড়সড় ধাক্কা খেল দেশের শেয়ার বাজার। সোমবার সকালে ইতিবাচক প্রবণতা নিয়ে লেনদেন শুরু করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ছবিটা পাল্টে যায়। আচমকাই বিক্রির চাপ বাড়তে শুরু করে বাজারে। যার জেরে এক ধাক্কায় অনেকটা নীচে নেমে যায় সেনসেক্স ও নিফটি। দিনের সর্বোচ্চ অবস্থান থেকে সেনসেক্সের পতন হয় ১৬০০ পয়েন্টেরও বেশি। অন্য দিকে, গুরুত্বপূর্ণ ২৫,৬০০-র গণ্ডি হারিয়ে ফেলে নিফটি ৫০। দুপুরের মধ্যেই বিনিয়োগকারীদের সম্মিলিত সম্পদের পরিমাণ কমে যায় প্রায় ৩ লক্ষ ১৮ হাজার কোটি টাকা। স্বাভাবিক ভাবেই বাজারের এই আকস্মিক পতন ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।
কিন্তু কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী থাকার পর হঠাৎ কেন এমন পরিস্থিতি তৈরি হল? বাজার বিশেষজ্ঞদের মতে, এই পতনের পিছনে একাধিক অর্থনৈতিক ও বাজারগত কারণ রয়েছে।
প্রফিট বুকিংয়ের চাপ
বাজারে এই পতনের অন্যতম বড় কারণ হিসেবে উঠে আসছে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা। টানা চার সপ্তাহ ধরে ভারতীয় শেয়ার বাজারে ঊর্ধ্বগতি বজায় ছিল। গত সপ্তাহেও সেনসেক্স প্রায় ২.৯ শতাংশ এবং নিফটি প্রায় ২.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। ফলে বাজারের উচ্চ স্তরে পৌঁছনোর পর অনেক বিনিয়োগকারী তাঁদের হাতে থাকা শেয়ার বিক্রি করে লাভ নিশ্চিত করতে শুরু করেন। এর জেরেই বাজারে বিক্রির চাপ বেড়ে যায় এবং সূচকগুলি দ্রুত নীচের দিকে নামতে থাকে।
ব্যাঙ্কিং ও ধাতু শিল্পে বড়সড় বিক্রি
বাজারের পতনের পিছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল ব্যাঙ্কিং এবং ধাতু ক্ষেত্রের শেয়ারগুলির দুর্বলতা। সোমবার একাধিক বড় ব্যাঙ্কের শেয়ারে উল্লেখযোগ্য দরপতন দেখা যায়। এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং কানাড়া ব্যাঙ্কের শেয়ারে বিক্রির চাপ তৈরি হয়।
সেনসেক্স ও নিফটির ওঠানামায় ব্যাঙ্কিং ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এই ক্ষেত্রের বড় সংস্থাগুলির শেয়ারের দাম কমতেই তার প্রভাব পড়ে গোটা বাজারে।
একই ছবি দেখা যায় ধাতু শিল্পেও। টাটা স্টিলের শেয়ারের দাম প্রায় ৫.৫ শতাংশ কমে যায়। এপিএল অ্যাপোলো টিউবসের শেয়ারেও বড়সড় পতন লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক বাজারে ধাতুর দামের দুর্বলতা এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এই শিল্পের উপর অতিরিক্ত চাপ তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মার্কিন ফেডের সুদের হার নিয়ে উদ্বেগ
আন্তর্জাতিক অর্থনীতির পরিস্থিতিও ভারতীয় বাজারের উপর প্রভাব ফেলছে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ ফের সুদের হার বাড়াতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এই সম্ভাবনাই আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আমেরিকায় সুদের হার বাড়লে মার্কিন বন্ড ও অন্যান্য সম্পদ বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলনামূলক আকর্ষণীয় হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে ভারত-সহ বিভিন্ন উন্নয়নশীল বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা অর্থ সরিয়ে নিতে পারেন। এই আশঙ্কাও ভারতীয় শেয়ার বাজারে বিক্রির চাপ বাড়িয়েছে।

ডলারের তুলনায় টাকার দর কমায় বাড়ছে চাপ
শেয়ার বাজারের উপর প্রভাব ফেলেছে ভারতীয় মুদ্রার দুর্বলতাও। ডলারের তুলনায় টাকার দাম কমতে থাকায় আমদানি খরচ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে মূল্যবৃদ্ধির চাপ বাড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। পাশাপাশি মুদ্রার দর দুর্বল হলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভারতীয় বাজারের আকর্ষণও কিছুটা কমে যেতে পারে।
এর সঙ্গে যুক্ত হয়েছে নিফটির ২৬ হাজারের গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক স্তর অতিক্রম করতে না পারার বিষয়টি। এই বাধা পার হতে ব্যর্থ হওয়ায় অনেক বিনিয়োগকারী সতর্ক হয়ে শেয়ার বিক্রি করতে শুরু করেন।
দুপুরেই বিনিয়োগকারীদের বিপুল ক্ষতি
এনডিটিভির প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ সেনসেক্স প্রায় ৯৫৫ পয়েন্ট কমে ৮২,৯৭২-এ নেমে আসে। একই সময়ে নিফটি ৫০ প্রায় ২৮০ পয়েন্টের পতনের মুখে পড়ে। যদিও এর আগে দিনের সর্বোচ্চ অবস্থান থেকে সেনসেক্সের পতনের পরিমাণ ১৬০০ পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল।
এই ধসের সরাসরি প্রভাব পড়ে বাজারের সামগ্রিক মূলধনের উপরেও। শুক্রবারের তুলনায় সোমবার দুপুরের মধ্যে শেয়ার বাজারের মোট বাজারমূল্য কমে যায় ৩ লক্ষ ১৮ হাজার কোটি টাকারও বেশি। ফলে বিপুল অঙ্কের সম্পদ হারান বিনিয়োগকারীরা।
আগামী দিনে কোন দিকে যাবে বাজার?
তবে সোমবারের এই পতনকেই এখনই দীর্ঘমেয়াদি বাজার বিপর্যয়ের ইঙ্গিত হিসেবে দেখতে নারাজ বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, সাম্প্রতিক সময়ে বাজারে যে উল্লেখযোগ্য উত্থান দেখা গিয়েছে, তার পর সাময়িক সংশোধন বা প্রফিট বুকিং অস্বাভাবিক নয়।
আগামী দিনে বাজারের গতিপথ অনেকটাই নির্ভর করবে বিদেশি বিনিয়োগকারীদের আচরণ, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক অর্থনীতির পরিস্থিতির উপর। পাশাপাশি ব্যাঙ্কিং ও ধাতু ক্ষেত্রের শেয়ারগুলি ফের ঘুরে দাঁড়াতে পারে কি না, সেদিকেও নজর থাকবে বিনিয়োগকারীদের।
এই মুহূর্তে নিফটির জন্য ২৫,৫০০ পয়েন্টের স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই অবস্থান ধরে রাখতে পারলে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরতে পারে। অন্যথায় আরও বিক্রির চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগামী কয়েকটি লেনদেনের দিন ভারতীয় শেয়ার বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।