বিগ বস বাংলায় রাজবীরকে বকুনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের! সমালোচনার মুখে এবার মুখ খুললেন মহারাজ

Spread the love

গত শনিবারের বিগ বস বাংলার এপিসোড ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। প্রতিযোগী রাজবীরকে কড়া ভাষায় সতর্ক করতে দেখা যায় শোয়ের বিশেষ অতিথি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। টাস্ক চলাকালীন সৌরভ দাসের সঙ্গে রাজবীরের হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করেই ক্ষুব্ধ হন মহারাজ। বারবার তাঁকে বুঝিয়ে দেন, খেলার মাঠে এমন আচরণ কোনওভাবেই কাম্য নয়। শুধু তাই নয়, সৃজলাকে ঘিরেও রাজবীরকে বেশ কিছু কড়া কথা শোনান তিনি।

তবে এই পর্ব সম্প্রচারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা। অনেকেরই প্রশ্ন, রাজবীরকে একতরফাভাবে কেন কাঠগড়ায় দাঁড় করানো হলো? এর আগে একটি টাস্কে জীতু যেভাবে সৌরভকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, সেই ঘটনা নিয়েও কেন একইভাবে প্রশ্ন তোলা হলো না? অন্যদিকে, সৃজলাকে নিয়ে রাজবীরের মন্তব্য যদি আপত্তিকর হয়ে থাকে, তাহলে সেই সময় উপস্থিত অন্যান্য প্রতিযোগীদেরও কেন একইভাবে সতর্ক করা হলো না? এমনই একাধিক প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ।

এবার সেই বিতর্কের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন স্বয়ং মহারাজ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন, রাজবীরের প্রতি তাঁর কোনও ব্যক্তিগত বিরূপ মনোভাব নেই। বরং তিনি রাজবীরকে যথেষ্ট ভালোবাসেন এবং তাঁর ভালো খেলার প্রত্যাশা করেন। পোস্টে বোঝানো হয়েছে, একজন প্রতিযোগী যখন ভালো খেলছেন, তখন শুধুমাত্র নিজের ভুলের কারণে যেন তিনি প্রতিযোগিতা থেকে পিছিয়ে না পড়েন, সেই কারণেই রাজবীরকে সতর্ক করেছিলেন সৌরভ।

অর্থাৎ, রাজবীরকে অপমান করা নয়, বরং তাঁর খেলাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই মহারাজের এই কড়া মন্তব্য। খেলার প্রতি শৃঙ্খলা ও দায়বদ্ধতার কথা মাথায় রেখেই তিনি এমনটা করেছেন বলে ওই পোস্টের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে।

উল্লেখ্য, বিগ বস বাংলা বর্তমানে দর্শকদের মধ্যে অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো। সাধারণ দর্শকদের পাশাপাশি বিনোদন জগতের বহু তারকাও চাইছেন, শেষ পর্যন্ত রাজবীরই যেন এই প্রতিযোগিতায় জয়ী হন। অনুষ্ঠান শেষ হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। শুরু থেকেই নিজের খেলা ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মন জয় করেছেন রাজবীর। তাই শেষ মুহূর্তেও যেন নিজের সেরাটা দিয়ে বিজয়ীর মুকুট ছিনিয়ে আনতে পারেন তিনি, এখন সেটাই কামনা করছেন তাঁর অনুরাগীরা।

Leave a Reply