উত্তর ২৪ পরগনার হাবড়ায় এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। নিজের বাবার বিরুদ্ধে টানা দু’বছর ধরে ধর্ষণের অভিযোগ এনেছে ১৭ বছরের এক নাবালিকা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডলও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে নাবালিকার মায়ের মৃত্যু হয়। এরপর থেকেই বাবার সঙ্গে থাকত সে। বর্তমানে একাদশ শ্রেণির ছাত্রী ওই কিশোরীর অভিযোগ, মায়ের মৃত্যুর পর থেকেই প্রায় দু’বছর ধরে তার উপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল বাবা। ভয় ও আতঙ্কে এতদিন কাউকে কিছু জানাতে পারেনি সে। সম্প্রতি পাশের গ্রামের এক আত্মীয়ার কাছে গোটা ঘটনা খুলে বলে নির্যাতিতা। এরপর ওই মহিলাই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল। তিনি বলেন, “বাবার কাছেও মেয়ে নিরাপদ নয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধরনের বাবাদের দাঁড় করিয়ে গুলি করে দেওয়া উচিত।”
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার শাসনেও এক গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মহম্মদ আরি আরমান সুলতানকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বারাসত আদালতে পেশ করা হলে অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
অভিযোগ, গত ২৭ জুন প্রতিবেশী ওই গৃহবধূকে অপহরণ করে আরমান। এরপর বারাকপুর ও নৈহাটিসহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাঁকে আটকে রেখে যৌন নির্যাতন করা হয়। পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে শাসন থানার পুলিশ। নির্যাতিতাকে উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্ত পলাতক ছিল। অবশেষে রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরপর এই ধরনের অভিযোগে উত্তর ২৪ পরগনা জেলায় নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।