ডিলিমিটেশন বিল ঘিরে স্টালিনের সঙ্গে দূরত্ব কমাতে মমতার দ্বারস্থ কংগ্রেস

Spread the love

ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ কার্যকর করার প্রস্তাবিত বিল ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। এই ইস্যুতে বিরোধী শিবিরের ঐক্য ধরে রাখতে এবার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখছে কংগ্রেস। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের সঙ্গে কংগ্রেসের সাম্প্রতিক দূরত্ব কমাতে মমতাকেই মধ্যস্থতাকারী হিসেবে কাজে লাগানো হচ্ছে বলে দাবি। সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ডিলিমিটেশন বিল নিয়ে যাতে ডিএমকে নরেন্দ্র মোদী সরকারের পাশে না দাঁড়ায়, সেই চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। আর সেই লক্ষ্যেই স্টালিনের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও মমতার উদ্যোগে কংগ্রেস ও ডিএমকের মধ্যে সম্পর্কের বরফ কতটা গলেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এই মুহূর্তে তৃণমূল নেত্রীর দিকেই তাকিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্ব।

স্টালিনের সঙ্গে মমতার ব্যক্তিগত সম্পর্কই ভরসা কংগ্রেসের

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেসের একাধিক নেতার বক্তব্য, এম কে স্টালিনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক বরাবরই ভালো। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে মমতার রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়টিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সেই কারণেই ডিএমকের সঙ্গে সমন্বয় বজায় রাখতে মমতার সাহায্য চাইছে কংগ্রেস। কালীঘাটের তৃণমূল শিবিরের তরফেও জানানো হয়েছে, ডিএমকে নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই আলোচনা থেকে এখনও কোনও চূড়ান্ত রাজনৈতিক সমাধান বেরিয়েছে কি না, তা জানা যায়নি।

তামিলনাড়ু নির্বাচনের পর থেকেই কংগ্রেস-ডিএমকে সম্পর্কে ফাটল

একসময় ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাবিত বিলের বিরোধিতায় কার্যত একই অবস্থানে ছিল কংগ্রেস ও ডিএমকে। সংসদে এই বিলের বিরোধিতা করে সরব হয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। বিশেষ করে ডিএমকের তরফে বিলের বিরুদ্ধে সবচেয়ে জোরালো আপত্তি জানানো হয়েছিল।

কিন্তু তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই বদলে যায়। নির্বাচনের আগে ডিএমকের সঙ্গে জোট বেঁধে লড়াই করলেও ভোটপর্ব মিটতেই বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজ়াগম (টিভিকে)-কে সমর্থন জানায় কংগ্রেস। এই সিদ্ধান্ত ঘিরেই ডিএমকে ও কংগ্রেসের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। দুই দলের রাজনৈতিক সমীকরণে তৈরি হয় দূরত্ব।

এই পরিস্থিতির সুযোগ নিয়েই ডিএমকেকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ফলে ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী শিবিরের ঐক্য বজায় রাখা কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ডিএমকের ২২ সাংসদের সমর্থন কেন গুরুত্বপূর্ণ?

লোকসভায় ডিলিমিটেশন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করাই এখন কেন্দ্রের কাছে বড় বিষয়। এর আগে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় এই ধরনের বিল পাশ করাতে পারেনি মোদী সরকার। বিরোধীদের তুলনায় বেশি ভোট পেলেও সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তারা।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এবার সেই সমীকরণে কিছুটা পরিবর্তন এসেছে। লোকসভার মোট ৫৪৩টি আসনের মধ্যে বর্তমানে তিনটি আসন খালি রয়েছে। ফলে সব সাংসদ উপস্থিত থাকলে সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য প্রয়োজন হবে ৩৬০টি ভোট।

অন্যদিকে, তৃণমূলত্যাগী এবং এনসিপিআইয়ের ২০ জন সাংসদকে হিসাবের মধ্যে রেখে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর হাতে রয়েছে ৩২১ জন সাংসদ। অর্থাৎ বিল পাশ করাতে আরও অন্তত ৩৯ জন সাংসদের সমর্থন প্রয়োজন হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ডিএমকের ২২ জন সাংসদের অবস্থান। তাঁদের প্রত্যেকের সমর্থন পেলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অনেকটাই কাছাকাছি পৌঁছে যেতে পারে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি অন্যান্য দলের সমর্থন জোগাড় করেও প্রয়োজনীয় সংখ্যা ছুঁয়ে ফেলার ব্যাপারে আশাবাদী বিজেপি শিবির।

ডিএমকের দাবি মেনেই কি সংশোধিত বিলের খসড়া?

রাজনৈতিক মহলের একাংশের দাবি, ডিএমকের সমর্থন আদায়ের লক্ষ্যেই তাদের উত্থাপিত একাধিক আপত্তি ও দাবিকে গুরুত্ব দিয়েছে কেন্দ্র। সংশোধিত বিলের খসড়ায় স্টালিনদের দাবির প্রতিফলন রয়েছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ওই খসড়ায় কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে কংগ্রেসের আশঙ্কা, ডিএমকে যদি শেষ পর্যন্ত কেন্দ্রের পাশে দাঁড়ায়, তাহলে বিরোধী জোটের অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়বে। শুধু সংসদীয় সংখ্যার হিসাব নয়, বিরোধী শিবিরের রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রেও তা বড় ধাক্কা হতে পারে।

সেই কারণেই স্টালিনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে কংগ্রেস। আর সেই কাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক যোগাযোগকে হাতিয়ার করতে চাইছে তারা। শেষ পর্যন্ত মমতার মধ্যস্থতায় কংগ্রেস ও ডিএমকের দূরত্ব কমে কি না, নাকি ডিলিমিটেশন বিল ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়, এখন সেদিকেই নজর জাতীয় রাজনীতির।

Leave a Reply