ভালোবাসার প্রস্তাবে সাড়া নেই সৃজলার! ধৈর্য হারিয়ে সম্পর্ক শেষের হুঁশিয়ারি জীতুর

Spread the love

বিগ বসের ঘরে জীতু ও সৃজলার সম্পর্ক ক্রমশ জটিল হয়ে উঠছে। একদিকে জীতু বারবার প্রকাশ্যে নিজের ভালোবাসার কথা জানাচ্ছেন, অন্যদিকে সৃজলা তাঁকে কাছের বন্ধু হিসেবে মেনে নিলেও প্রেমের সম্পর্কে জড়াতে এখনও রাজি নন। এই টানাপড়েন এবার নতুন মোড় নিল। দুজনের কথার লড়াই এমন পর্যায়ে পৌঁছল যে, বিগ বসের বাড়ি ছেড়ে চলে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন সৃজলা।

গত পর্বেও দেখা গিয়েছে, সকলের সামনেই চিঠি লিখে সৃজলার প্রতি নিজের মনের কথা প্রকাশ করেন জীতু। ক্যামেরার সামনেও তাঁকে সরাসরি ‘আই লাভ ইউ’ বলতে শোনা যায়। কিন্তু এত কিছুর পরেও জীতুর প্রস্তাবে স্পষ্ট সম্মতি জানাননি সৃজলা। তাঁর বক্তব্য, ব্যক্তিগত জীবনের অতীত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে এখনই নতুন কোনও সম্পর্কে জড়ানোর মানসিকতা তাঁর নেই।

তবে নিরঞ্জনের সামনে নিজের মনের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সৃজলা। কাঁদতে কাঁদতে তিনি জানান, জীতু তাঁকে পাগলের মতো ভালোবাসেন। এই পরিস্থিতিতে কী করা উচিত, তা বুঝে উঠতে পারছেন না তিনি। একদিকে জীতুর প্রতি তাঁর বন্ধুত্ব ও নির্ভরতা, অন্যদিকে নতুন সম্পর্কে জড়ানোর অনিচ্ছা— দুইয়ের মাঝে কার্যত দোটানায় সৃজলা।

এদিকে সৃজলার কাছ থেকে কোনও স্পষ্ট উত্তর না পেয়ে ক্রমশ ধৈর্য হারাচ্ছেন জীতু। বিগ বসের বাড়িতে এবার তাঁকে সরাসরি সৃজলাকে জানাতে শোনা যায়, হয় তাঁকে হ্যাঁ বলতে হবে, নয়তো না। কিন্তু সৃজলা ফের বন্ধুত্বের প্রসঙ্গ তুলে ধরতেই রেগে যান জীতু। উত্তেজিত হয়ে তিনি বলে ওঠেন, ‘আজ থেকে তুমি আমার কাছাকাছি আসবে না, আমিও তোমার কাছাকাছি যাব না।’

বাড়ির অন্যান্য সদস্যদের সামনেই দুজনের মধ্যে এই তীব্র কথোপকথন হয়। জীতুর মুখে এমন কথা শুনে ভেঙে পড়েন সৃজলা। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, বিগ বসের কাছে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়ার আবেদন জানান অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে আর এই অনুষ্ঠানে থাকতে চাইছেন না তিনি।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার সৃজলার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন জীতু। অন্যদিকে, সৃজলাও জানিয়েছেন, বিগ বসের বাড়িতে জীতুই তাঁর সবচেয়ে বড় ভরসা। তাঁর কথায়, এই বাড়িতে জীতুর মতো ভালো বন্ধু আর কেউ নেই। তবে বন্ধুত্বের সম্পর্ককে প্রেমে পরিণত করতে এখনই প্রস্তুত নন তিনি। কিন্তু জীতু আর অপেক্ষা করতে চাইছেন না। ফলে দুজনের চাওয়া-পাওয়ার এই অমিলই ক্রমশ দূরত্ব বাড়াচ্ছে।

তাহলে কি জীতু ও সৃজলার বন্ধুত্বে এবার সত্যিই চিড় ধরল? ভালোবাসার প্রস্তাব ঘিরে তৈরি হওয়া এই টানাপড়েন কি তাঁদের ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি বিগ বসের খেলাতেও প্রভাব ফেলবে? ফাইনালের আগে দুজনের সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। সমস্ত আপডেট জানতে চোখ রাখুন স্টার জলসার পর্দায়, প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে।

Leave a Reply