‘বিগ বস বাংলা’র গ্র্যান্ড ফিনালের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ফিনালে উইকে প্রবেশের আগে প্রতিযোগীদের মধ্যে লড়াই যেমন তুঙ্গে, তেমনই বাড়ছে উত্তেজনা ও বিতর্ক। আর সেই আবহেই শোয়ের অন্যতম আলোচিত প্রতিযোগী জীতু কমলকে নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। তাঁর সাম্প্রতিক আচরণে রীতিমতো বিরক্ত সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। সপ্তাহান্তের বিশেষ পর্ব ‘দাদার দরবার’-এর সদ্য প্রকাশিত প্রোমোতে জীতুকে কড়া ভাষায় সতর্ক করতে দেখা গিয়েছে সৌরভকে। এমনকী দাদার প্রশ্নবাণের মুখে দাঁড়িয়ে শো ছেড়ে দেওয়ার কথাও বলে ফেলেছেন অভিনেতা।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘দাদার দরবার’-এর নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, গোটা সপ্তাহে জীতুর আচরণ নিয়ে সরাসরি প্রশ্ন তুলছেন সৌরভ। বিশেষ করে রাগের মাথায় বিগ বসের বাড়ির কাচের দরজায় নিজের মাথা ঠোকা এবং সহ-প্রতিযোগী সৃজলা গুহকে মানসিক চাপে রাখার বিষয়টি একেবারেই ভালোভাবে নেননি সঞ্চালক। ফিনালের এত কাছে এসে একজন প্রতিযোগীর এমন আচরণ কতটা গ্রহণযোগ্য, সেই প্রশ্নই তুলেছেন তিনি।
জীতুকে উদ্দেশ্য করে সৌরভের বক্তব্য, ‘তুমি এই সপ্তাহে নিজের যে ইমেজ পোর্ট্রে করেছ— এত মাথা গরম! তুমি নিজের মাথা ঠুকেছ বিগ বসের বাড়ির কাঁচে, তুমি সৃজলাকে অসম্ভব প্রেসারে রেখেছ এই সপ্তাহে। এই মেন্টালিটি নিয়ে ফিনালে উইকে যাচ্ছ? তোমার ব্যবহার একটা ফাইনালিস্টের ব্যবহারের মতো কি?’
দাদার এমন কড়া মন্তব্যে স্বাভাবিকভাবেই পরিস্থিতি বেশ থমথমে হয়ে ওঠে। ঘরের অন্যান্য প্রতিযোগীদেরও নীরবে গোটা ঘটনা প্রত্যক্ষ করতে দেখা যায়। তবে সৌরভের সমালোচনার মুখে নিজের আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে জীতু যে মন্তব্য করেন, তা ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে।
‘আমি রেগে গেলে জ্ঞানশূন্য হয়ে যাই’, শো ছাড়ার কথা জীতুর
সৌরভের প্রশ্নের উত্তরে নিজের রাগের প্রবণতার কথা স্বীকার করে নেন জীতু। অভিনেতার কথায়, ‘আমি রেগে গেলে জ্ঞানশূন্য হয়ে যাই। আই ক্যান কুইট দ্যাট শো।’ অর্থাৎ, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতেও যে তিনি পিছপা হবেন না, সেই ইঙ্গিতই দিয়েছেন জীতু।

এদিকে গোটা পরিস্থিতিতে সৃজলা গুহকে বেশ চুপচাপ থাকতে দেখা গিয়েছে প্রোমোতে। উল্লেখ্য, এই সপ্তাহেই বিগ বসের বাড়িতে মানসিক চাপের কথা জানিয়ে নিজে শো ছেড়ে বেরিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সৃজলা। তাঁর বক্তব্য ছিল, এই পরিস্থিতি আর সামলাতে পারছেন না তিনি। ফলে জীতু ও সৃজলার মধ্যে চলা টানাপোড়েন যে শোয়ের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে, তা বলাই যায়।
ফিনালের আগে আরও এক প্রতিযোগীর বিদায়ের জল্পনা
অন্যদিকে, শোয়ের অন্দরে আরও একটি বড় পরিবর্তনের জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহে বিগ বসের বাড়ি থেকে বিদায় নিতে পারেন ‘লাফটারসেন’ নিরঞ্জন মণ্ডল। যদিও এই খবরের আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনও মেলেনি।
সব মিলিয়ে ফিনালে উইকের আগে ‘বিগ বস বাংলা’য় উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া ভর্ৎসনা, অন্যদিকে জীতুর শো ছাড়ার মন্তব্য এবং নিরঞ্জন মণ্ডলের সম্ভাব্য বিদায়— সব মিলিয়ে আগামী পর্ব ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। শেষ পর্যন্ত জীতু কি নিজের অবস্থান বদলাবেন, নাকি সত্যিই প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন? সেই উত্তর মিলবে পরবর্তী পর্বেই।