‘রাতের বাদশা’ ডনের বিলাসবহুল জীবনযাপন নিয়ে বিস্ফোরক দাবি প্রাক্তন FBI এজেন্টের

Spread the love

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে ঘিরে রহস্যের শেষ নেই। দীর্ঘদিন ধরেই পাকিস্তানে তাঁর অবস্থান, জীবনযাপন এবং অপরাধজগতের সঙ্গে যোগাযোগ নিয়ে নানা আলোচনা চলছে। এবার এক পডকাস্টে দাউদের পাকিস্তানের জীবনযাপন সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন এফবিআই এজেন্ট কামরান ফরিদি। আজতক রেডিওর ওই পডকাস্টে দাউদের বিলাসবহুল জীবন, গোপন আস্তানা থেকে শুরু করে তাঁর ঘনিষ্ঠ মহলের নানা অজানা তথ্য তুলে ধরেছেন তিনি।

পডকাস্টে দাউদকে ‘রাতের বাদশা’ বলে উল্লেখ করেন কামরান। তাঁর দাবি, মাদক এবং মদ্যপানে ডুবে থাকে এই আন্ডারওয়ার্ল্ড ডন। এমনকি একবার কয়েক লক্ষ টাকা মূল্যের মদের বোতল অর্ডার করেছিলেন দাউদ বলেও দাবি করেছেন প্রাক্তন এই এফবিআই এজেন্ট। যদিও এই সমস্ত তথ্যের স্বাধীনভাবে কোনও সত্যতা যাচাই করা যায়নি।

দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কালো মার্সিডিজে ঘোরেন দাউদ?

সাক্ষাৎকারে দাউদের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ কিছু দাবি করেছেন কামরান ফরিদি। তাঁর বক্তব্য, দাউদের দ্বিতীয় স্ত্রী রয়েছেন এবং তাঁকে সঙ্গে নিয়ে মাঝেমধ্যেই করাচির রাস্তায় কালো মার্সিডিজে ঘুরে বেড়ান ডন। উল্লেখ্য, মেহজবিন নামে দাউদের প্রথম স্ত্রীর কথাও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে উঠে এসেছে।

করাচির ‘২২ জামজামা’ কি দাউদের গোপন আস্তানা?

পডকাস্টে বিশেষভাবে উঠে এসেছে করাচির ‘২২ জামজামা’ নামে একটি সম্পত্তির প্রসঙ্গ। কামরান ফরিদির দাবি, এটি দাউদের সম্পত্তিরই একটি অংশ। করাচির একটি গলির মধ্যে অবস্থিত বাড়িটি বাইরে থেকে দেখতে একেবারে সাধারণ। কিন্তু ভিতরে নিরাপত্তার এমন ব্যবস্থা রয়েছে যে কার্যত দুর্গে পরিণত হয়েছে বাড়িটি।

প্রাক্তন এফবিআই এজেন্টের দাবি, পাকিস্তানি আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করেন দাউদ। বাড়িটির বাইরে কাচের জানলা নেই বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, বাড়ির বেসমেন্টে রয়েছে একটি শব্দরোধক ক্লাব। সেখানে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা রয়েছে এবং একাধিক গোপন বৈঠকের আয়োজন করা হয় বলেও দাবি করেছেন কামরান।

পাকিস্তানে দাউদের তিনটি গোপন আস্তানা!

কামরান ফরিদির দাবি, পাকিস্তানে আত্মগোপন করে থাকার জন্য দাউদের মোট তিনটি আস্তানা রয়েছে। তার মধ্যে একটি রয়েছে ইসলামাবাদে। যদিও বাকি আস্তানাগুলির অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের পর থেকেই পাকিস্তানে আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে। ওই বিস্ফোরণ মামলায় দাউদের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিলের নামও উঠে আসে। কামরান ফরিদির দাবি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে ছোটা শাকিলের। এমনকি সংস্থাটির সদর দফতরেও তাঁর যাতায়াত রয়েছে বলে দাবি করেছেন প্রাক্তন এই এজেন্ট।

মুম্বই ছাড়ার সময় সঙ্গে নিয়েছিলেন এক ফকিরকে!

পডকাস্টে আরও একটি চমকপ্রদ দাবি করেছেন কামরান ফরিদি। তাঁর বক্তব্য, পাকাপাকিভাবে পাকিস্তানে চলে যাওয়ার সময় মুম্বই থেকে এক ফকিরকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন দাউদ। সেই ফকিরের সঙ্গে দাউদের গ্যাংয়ের বিশেষ যোগাযোগ রয়েছে বলেও দাবি তাঁর।

কামরানের দাবি অনুযায়ী, দাউদের গ্যাং কোনও বড় অভিযানে যাওয়ার আগে ওই ফকিরের অনুমতি নেয়। তাঁর সম্মতি মিললেই পরবর্তী পদক্ষেপ করে গ্যাংয়ের সদস্যরা। সব মিলিয়ে প্রাক্তন এফবিআই এজেন্টের এই সাক্ষাৎকারে দাউদের ব্যক্তিগত জীবন, পাকিস্তানের সম্ভাব্য আস্তানা এবং অপরাধজগতের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে উঠে এসেছে একাধিক বিস্ফোরক দাবি। তবে পডকাস্টে করা এই দাবিগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা প্রয়োজন।

Leave a Reply