কয়েকদিন আগেই এক ধাক্কায় নেমেছিল তাপমাত্রার পারদ। শীতের আমেজে ভরে উঠেছিল শহর থেকে জেলা। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হল না। ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতের অনুভূতি কিছুটা কমেছে। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। ডিসেম্বরের শুরুতেই ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় পারদ নেমে যেতে পারে ১৪ ডিগ্রিতে।
আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি বেশি। শুধু তাই নয়, গতকালের তুলনায় এক ধাক্কায় ২.৩ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৮ ডিগ্রির কাছাকাছি।
আজ রাজ্যের কোথায় কত তাপমাত্রা?
কলকাতার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও সর্বনিম্ন তাপমাত্রার তারতম্য লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এখনও তুলনামূলকভাবে বেশি শীতের আমেজ রয়েছে। আজ বিভিন্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান একনজরে দেখে নেওয়া যাক।
1) আলিপুর: ২০.২ ডিগ্রি সেলসিয়াস
2) দমদম: ২০.৫ ডিগ্রি সেলসিয়াস
3) সল্টলেক: ২১.৫ ডিগ্রি সেলসিয়াস
4) ব্যারাকপুর: ১৮ ডিগ্রি সেলসিয়াস
5) ক্যানিং: ১৯ ডিগ্রি সেলসিয়াস
6) পানাগড়: ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস
7) বর্ধমান: ১৭ ডিগ্রি সেলসিয়াস
8) শ্রীনিকেতন: ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস
9) আসানসোল: ১৫.১ ডিগ্রি সেলসিয়াস
10) পুরুলিয়া: ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস
11) কাঁথি: ১৬ ডিগ্রি সেলসিয়াস
12) মেদিনীপুর: ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস

কবে থেকে ফের জাঁকিয়ে বসবে শীত?
আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চারদিন দুই বঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা মোটামুটি একই জায়গায় থাকবে। তবে এরপর ধীরে ধীরে নামতে শুরু করবে পারদ। পরবর্তী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ফের শীতের আমেজ বাড়তে পারে। শুক্রবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই রাজ্যে শীতের দাপট কিছুটা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আগামী কয়েকদিন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
তাপমাত্রার ওঠানামা চললেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।
একই ছবি দক্ষিণবঙ্গেও। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
অর্থাৎ, আপাতত বৃষ্টির বাধা ছাড়াই শীতের আমেজ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। তবে সপ্তাহের দ্বিতীয়ার্ধে তাপমাত্রা কমতে শুরু করলে সকাল ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি আরও বাড়তে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের প্রভাব বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।