Aamir Khan-Arijit Singh। অরিজিৎ-এর বাড়ির ছাদে ঘুড়ি ওড়ালেন আমির, দুপুর জমল মাটন কষা-ভাতে

Spread the love

একজন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’, অন্যজন সুরের জাদুকর। পর্দার চাকচিক্য ছেড়ে আমির খান যখন পৌঁছে গেলেন অরিজিৎ সিংয়ের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাড়িতে, তখন সেখানে ধরা পড়ল এক অন্যরকম বন্ধুত্বের ছবি। অরিজিতের সাদামাটা জীবনযাত্রায় মিশে গিয়ে আমির কেবল আড্ডাই দিলেন না, মেতে উঠলেন বাঙালি ঘরোয়া খানাপিনা আর ঘুড়ি ওড়ানোর আমেজে।

অরিজিতের ছাদে আমিরের লাটাই-মাঞ্জা: রবিবার রাতেই মুর্শিদাবাদ পৌঁছেছিলেন আমির। সেখানে রাত্রিযাপন করে, সোমবার বেলায় পৌঁছান অরিজিতের বাড়িতে। জিয়াগঞ্জের বাড়ির ছাদে দুই তারকাকে দেখা গেল একদম চেনা ছন্দে। ক্যাজুয়াল লুকে আমির আর অরিজিৎ মেতে উঠলেন ঘুড়ি ওড়ানোর লড়াইয়ে। অরিজিতের বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশপানে ঘুড়ি উড়িয়ে আমির যেন ফিরে গেলেন তাঁর শৈশবে। স্থানীয়দের মতে, আমির বেশ দক্ষ হাতেই লাটাই সামলেছেন এবং মাঝেমধ্যেই ‘ভো-কাট্টা’ বলে উল্লাস প্রকাশ করেছেন।

মিস্টার পারফেকশানিস্ট আমির পৌঁছেছেন অরিজিতের জন্য় পান নিয়ে। আর নায়কের জন্য় কী কী খাবারের বন্দোবস্ত করলেন গায়ক। সোমবার দুপুরের মেনুতে কী ছিল? অরিজিৎ বরাবরই তাঁর অতিথিবৎসল মেজাজের জন্য পরিচিত। আমির খানের জন্য রাখা হয়েছিল খাঁটি দেশি মেনু। অরিজিৎ-এর জেঠতুতো ভাই সুরিন্দর সিং জানিয়েছেন, ‘দাদা ফোন করে বলার পরে এ দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ সাদা ভাত, বাটার নান, চিকেন ও মাটন কষা, মিক্সড ভেজ ও পনির বাটার মশলা পাঠিয়েছিলাম।’ সুতরাং রসনাতৃপ্তি ভালোই হয়েছে। আমিরের জন্য় মুর্শিদাবাদের স্পেশ্য়াল ছানাবড়া কি ছিল? তার জবাব মেলেনি।

কেবল খাওয়া-দাওয়া আর ঘুড়ি ওড়ানোই নয়, দুই তারকার মধ্যে দীর্ঘক্ষণ নিভৃতে সাঙ্গীতিক আলোচনাও হয়েছে। ভক্তদের ধারণা, আমিরের আসন্ন কোনও ছবির জন্য হয়তো বিশেষ কোনও সুর সৃষ্টি হচ্ছে অরিজিতের এই স্টুডিওতে বসেই। গত সপ্তাহে ফিল্মি সঙ্গীতকে অলবিদা জানানোর আবহে আমিরের জিয়াগঞ্জ ভ্রমণ বিশেষ গুরুত্বপূর্ণ। অনেকের দাবি, অরিজিৎ-কে প্লেব্যাকের দুনিয়ায় ফেরাতেই আমিরের আসা। অনেকে আবার বলছে, পূর্ব নির্বাধিত এই ভিসিট। আমিরের আসন্ন ছবির গান গাইছেন অরিজিৎ, তাই ছুটে এসেছেন নায়ক।

গায়ক আগেই স্পষ্ট করেছেন, নতুন করে প্লে-ব্যাকের অফার না নিলেও নিজের কিছু পড়ে থাকা কাজ তিনি শেষ করবেন। তাই এই বছর হয়ত বেশকিছু ছবিতে শোনা যাবে তাঁর গান।

মুম্বইয়ের গ্ল্যামার জগত থেকে দূরে, গ্রামবাংলার এক প্রান্তে বসে দুই নক্ষত্রের এই সহজ-সরল মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসার জোয়ার বয়ে যাচ্ছে। ভক্তরা বলছেন, ‘প্রতিভা যেখানে সহজ হয়, সৌন্দর্য সেখানেই বাড়ে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *