Abhishek Sharma Health। পাকিস্তানের বিরুদ্ধে কি ২২ গজে থাকবেন না অভিষেক? শারীরিক অবস্থা কেমন?

Spread the love

বিগত কিছুদিন ধরেই অভিষেক শর্মার শারীরিক অবস্থা নিয়ে নানান রিপোর্ট আসছিল। গতকালই ‘শর্মাজি’র শারীরিক অবস্থা নিয়ে বড় আপডেট দেন টিম ইন্ডিয়ার ‘ভর্মাজি’। তিলক ভর্মা জানিয়েছিলেন যে, অভিষেক শর্মাকে হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে তিনি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন কি না, তা পরে ঠিক করা হবে। এদিকে, দিল্লিতে আজ নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে ১১ জনের দলে নেই অভিষেক শর্মা। ভারতের ‘বাউন্ডারি মেশিন’ অভিষেক কেমন রয়েছেন? তাঁকে পাকিস্তানের বিরুদ্ধে দেখা যাবে তো? যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (SKY)।

এদিন টসের সময় রবি শাস্ত্রী সূর্য কুমারকে জিজ্ঞাসা করেন অভিষেক শর্মাকে নিয়ে। উত্তরে সূর্য বলেন,’অভিষেক এখনও সুস্থ নন। তিনি এক বা দুটি ম্যাচ খেলতে পারবেন কিনা, আমি জানি না। তাই অভিষেকের জায়গায় সঞ্জুকে দলে নেওয়া হয়েছে। একই রকম ব্যাটসম্যান, বিস্ফোরক। আর সিরাজের জায়গায় বুমরাহকে দলে নেওয়া হয়েছে।’ আর সূর্যকুমারের মন্তব্যের ‘তিনি এক বা দুটি ম্যাচ খেলতে পারবেন কিনা, আমি জানি না’ এই অংশটি নিয়েই উদ্বেগ শুরু হয়েছে। উল্লেখ্য, একটু পিছিে গেলেই মনে পড়ে যাবে ২০২৫ এশিয়া কাপের কথা। সেই টি২০ এশিয়া কাপের আসরে পাকিস্তানকে ফাইনাল বাদে বাকি সব ম্যাচে কার্যত রানের ‘ধোলাই’ দিয়েছিলেন অভিষেক। পাকিস্তানের বিরুদ্ধে তিনি যে ভারতের জন্য কত বড় ‘তাস’ তা বলাই বাহুল্য। সেই অভিষেক শর্মা, আসন্ন ১৫ ফেব্রুয়ারির ম্যাচে খেলতে পারবেন কি না, তা নিয়ো খোদ সন্দিহান ক্যাপ্টেন নিজেই!

এদিকে, বেশ কিছু রিপোর্ট বলছে, মুম্বইতে কিছু একটা খাবারের থেকে পেটের সমস্যায় ভুগতে থাকেন অভিষেক। এরপর দিল্লিতে টিম ইন্ডিয়া যেতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বহু টেস্ট চলেছে অভিষেকের। তারপর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, অভিষেকের ওজনও বেশ কমে গিয়েছে। এমনই দাবি করেছে মিডিয়া রিপোর্ট। এরই মাঝে সূর্যের বক্তব্য আসে। উল্লেখ্য়, ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এ কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচ ঘিরে স্বভাবতই দর্শকদের নজর টিকে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *