Air India দুর্ঘটনা নিয়ে রিপোর্টের জবাব কেন্দ্রের

Spread the love

আমদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বিমান ভেঙে পড়েছিল, তা নিছক কোনও দুর্ঘটনা নয়। ইচ্ছাকৃতভাবে বিমানের জ্বালানি সুইচ বন্ধ করে দিয়েছিলেন পাইলট। ইটালির একটি দৈনিকে এই মর্মে প্রকাশিত একটি প্রতিবেদন ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। এবার সেই রিপোর্ট পত্রপাঠ খারিজ করে দিল কেন্দ্রীয় সরকার।

কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে দেশের তদন্তকারী সংস্থা বা অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ এখনও কোনও তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনেনি। কিন্তু ইটালির রিপোর্ট সরাসরি পাইলটের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। এই পরিস্থিতিতে শনিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুরলিধর মোহল ইটালিয় সংবাদমাধ্যমের রিপোর্ট খারিজ করে বলেন, ‘আমি আপনাদের শুধু এটুকু জানাতে চাই, আমাদের তদন্তকারী সংস্থাগুলি ঘটনার তদন্ত করছে। আমরা আমাদের তদন্তকারী সংস্থার উপর আস্থা রাখব নাকি যারা বিদেশে বসে আছে, তাদের উপর? আমাদের সংস্থাগুলি কাজ করছে। তার চূড়ান্ত রিপোর্ট প্রকাশ্যে এলে তবেই এ ব্যাপারে কিছু বলা সম্ভব হবে।’

ইটালিয় সংবাদমাধ্যমের রিপোর্ট

সম্প্রতি ইতালির দৈনিক ‘কোরিয়ের ডেলা সেরা’ একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই রিপোর্টে এয়ার ইন্ডিয়ার বিমানটির ফুয়েল সুইচে কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল না বলে দাবি করা হয় এবং ইঙ্গিত দেওয়া হয়, এআই-১৭১-এর ফুয়েল সুইচ বন্ধ করা হয়েছিল ‘ইচ্ছাকৃতভাবে।’ ইতালীয় সংবাদপত্রটি পশ্চিমী বিমান চলাচল সংস্থার সূত্র উদ্ধৃত করে জানায়, তদন্ত প্রায় শেষের পথে এবং বিমানটি ভেঙে পড়ার কারণ, দুই ফুয়েল সুইচের একযোগে বন্ধ হয়ে যাওয়া, যা নাকি এক পাইলট করেছিলেন। এর ফলেই বিমানটি ক্রমশ নিচে নেমে আসে এবং ভেঙে পড়ে। ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল ছিলেন পাইলট-ইন-কমান্ড, এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর ছিলেন সহ-পাইলট।

এএআইবি-এর অবস্থান

এই দাবির পরিপ্রেক্ষিতে এএআইবি স্পষ্ট ভাষায় জানিয়েছে, ‘তদন্ত এখনও প্রক্রিয়াধীন। কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো হয়নি।’ পাশাপাশি, পাইলটের ‘ইচ্ছাকৃত কাজ’-এর জল্পনাকে তারা ‘ভুল ও কল্পনাপ্রসূত’ বলে খারিজ করে দিয়েছে। তদন্তকারী সংস্থা তাদের প্রাথমিক রিপোর্টের প্রসঙ্গ টেনে বলেছে, আন্তর্জাতিক নিয়ম মেনেই তদন্ত সম্পূর্ণ হলে তবেই চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে। সেই রিপোর্টে থাকবে সিদ্ধান্ত এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা সংক্রান্ত সুপারিশ।

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা

২০২৫ সালের ১২ জুন, আহমেদাবাদ বিমানবন্দরের কাছে টেক-অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-১৭১। বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনার মডেলের বিমানটি উড়ানের মাত্র ৩২ সেকেন্ডের মাথায় দুই ইঞ্জিনের বিকল হয়ে একটি মেডিক্যাল কলেজের হোস্টেলের উপর আছড়ে পড়ে। এই দুর্ঘটনায় মোট ২৬০ জনের মৃত্যু হয়। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনই প্রাণ হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *