এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ ছেড়ে নিজেদের দেশে ফিরতে দেখা যায়। তাছাড়াও অেক অনুপ্রবেশকারী এখনও ভারতে লুকিয়ে আছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, অনেক বাংলাদেশি ভুয়ো নথি তৈরি করে ভোটার তালিকায় নামও তুলিয়েছেন বলে অভিযোগ। এই নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। এহেন পরিস্থিতিতে এবার ভোটের মুখে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অসমে এক সরকারি অনুষ্ঠানে অমিত শাহ বললেন, ‘আগামী ৫ বছরের মধ্যে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে দেশ থেকে তাড়ানো হবে।’কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশ থেকে যদি মাওবাদ নির্মূল করা যায়, তবে অনুপ্রবেশকারীদেরও নির্মূল করা সম্ভব। অনুপ্রবেশকারীদের আগামী পাঁচ বছরের মধ্যে দেশ থেকে ছুড়ে ফেলে দেওয়া হবে। শুধুমাত্র জবরদখল করে রাখা জমি থেকে অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করে লাভ নেই। শুধুমাত্র এক জায়গা থেকে অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করলে তারা অন্য কোথাও গিয়ে থাকতে শুরু করবে। তাদের দেশ থেকেই তাড়াতে হবে।’ উল্লেখ্য, বিগত দিনে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে উচ্ছেদ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। অনেক বাংলাদেশিকে পুশব্যাকও করা হয়েছে। এই আবহে পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও অনুপ্রবেশ ইস্যুতে নির্বাচন লড়তে চাইছে বিজেপি।
অমিত শাহ এরপর আরও বলেন, ‘বিজেপি অসমে ফের ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বার করে দেশ থেকে তাড়ানো হবে। অসম এবং গোটা দেশ অনুপ্রবেশকারী মুক্ত হবে। এর জন্য দরকার ইচ্ছাশক্তি, সাহস এবং দৃঢ়তা। আমাদের প্রধানমন্ত্রীর কাছে এর সবগুলিই রয়েছে। তবে রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া অনুপ্রবেশকারীদের তাড়ানো অসম্ভব।’ এদিকে নির্বাচনী ইশতেহারে অনুপ্রবেশকারীমুক্ত অসমের প্রতিশ্রুতি দেওয়ার জন্য কংগ্রেসকে চ্যালেঞ্জ জানালেন অমিত শাহ। অনুপ্রবেশের ‘সুযোগ’ দেওয়ার জন্য কংগ্রেসের তীব্র আক্রমণ শানান অমিত শাহ। তাঁর কথায়, ‘অনুপ্রবেশকারীদের উপস্থিতি আসামের উন্নয়নের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ ছিল।’
কংগ্রেসের উদ্দেশে অমিত শাহ বলেন, ‘কংগ্রেসকে চ্যালেঞ্জ জানাচ্ছি: যদি তারা অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাহলে তাদের ইশতেহারে অসমকে অনুপ্রবেশমুক্ত করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করুক। তারা তা করবে না। তবে আমি আপনাকে আশ্বস্ত করছি যে জমি মুক্ত করা যথেষ্ট নয়। প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে আমরা অসম থেকে তাড়িয়ে দেব। ধুবরি, বরপেটা, দরং, মরিগাঁও, বোঙ্গাইগাঁও, নগাঁও এবং গোয়ালপাড়া মুসলিম-অধ্যুষিত, অনুপ্রবেশকারী-অধ্যুষিত হওয়ার জন্য কে দায়ী? কংগ্রেস সরাসরি দায়ী। অনুপ্রবেশের অনুমতি দিয়ে আসামকে যে পাপ করা হয়েছে তা থেকে বিজেপি আসামকে মুক্তি দেবে।’
