Bangladeshi BNP MP Thanks Hindus। আমার জয়ে সবচেয়ে বড় অবদান সনাতনীদের! ভোটে জিতে গদগদ বাংলাদেশি BNP নেতা

Spread the love

ভোটে জিতে হিন্দুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ঠাকুরগাঁও ৩ আসনের এমপি জাহিদুর রহমানের। বিএনপির টিকিটে এবার ভোটে লড়েছিলেন জাহিদুর রহমান। এই আবহে নির্বাচনে জয়ের পরে তিনি এলাকার হিন্দুদের উদ্দেশে বার্তা দিলেন। তাঁর কথায়, তাঁর জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান সনাতনীদের। বললেন, ‘আমার বিজয়ের পেছনে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের ভালোবাসা ও সমর্থনই ছিল সবচেয়ে বড় শক্তি। তাদের ভোটেই আজকের এই বিজয়।’

উল্লেখ্য, নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী জাহিদুর রহমান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামির প্রার্থী মিজানুর রহমান মাস্টার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট। এই আবহে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ লাগোয়া জেলা ঠাকুরগাঁওতে ২২ শতাংশ হিন্দু থাকেন। এই আবহে ভোটের ফলে হিন্দুদের একটা বড় প্রভাব রয়েছে। একদা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন বাংলাদেশি হিন্দুরা। তবে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে জামাতকে ঠেকাতে বিএনপির ওপর ভরসা রেখেছেন বাংলাদেশের হিন্দু ভোটাররা। এমনিতে পশ্চিমবঙ্গ লাগোয়া অধিকাংশ আসনে জামাতে ইসলামি জিতেছে। তবে উত্তর বাংলাদেশে বিএনপি থাবা বসাতে পেরেছে সীমান্তবর্তী আসনগুলিতে।

এদিকে ঠাকুরগাঁও–২ আসন থেকেও বিএনপির প্রতীকে জয়ী হয়েছেন ডঃ আবদুস সালাম। এহেন আবদুস সালাম জিতেই এলাকার সংখ্যালঘু হিন্দুদের অভয় প্রদান করলেন। এলাকা পরিদর্শনে গিয়ে হিন্দুদের উদ্দেশে তিনি বলেন, কোনও সনাতনী ভাইকে যদি কেউ ইন্ডিয়া যেতে বলে, সাথে সাথে যেন তিনি প্রতিবাদ করেন। আবদুস সালাম হিন্দুদের বলেন, ‘এখানে কোনও পার্থক্য নেই। এই দেশটা আমার, আপনাদের সবার। ভারতে যাবেন কেন। যে ভারতে চলে যেতে বলবে, তার গায়ে থাপ্পড় দিয়ে আমাকে বলবেন।’ উল্লেখ্য, এই ঠাকুরগাঁও–২ আসনে আবদুস সালাম পেয়েছিলেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট। তাঁর প্রতিপক্ষ জামাতে ইসলামির আবদুল হাকিম পান ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। এই আবহে ৬ হাজারেরও কম ভোটের ব্যবধানে জয়ী হন বিএনপি প্রার্থী। এই আবহে হিন্দু ভোটারদের ভোট যে নির্ণায়ক ছিল, তা জানেন বিএনপি প্রার্থীও। তাই সাংসদ হয়ে নিজের ভোটারদের অভয় প্রদান করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *