Chirodine Tumi Je Amar। নায়িকা বদলই কাল হল? দিতিপ্রিয়া যাওয়ার দু-মাস পরই বন্ধ হচ্ছে চিরদিনই…?

Spread the love

গত কয়েক দিন ধরেই টলিপাড়ার অলিতে-গলিতে একটাই গুঞ্জন— শেষ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। পর্দার অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়া রায়কে ঘিরে যখন বিতর্ক আর ট্রোলিং চরমে, ঠিক সেই আবহেই ধারাবাহিক বন্ধের জল্পনা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তবে এই বিষয়ের সত্যতা ঠিক কতটা? জল্পনা নিরসনে এবার সরাসরি মুখ খুললেন ধারাবাহিকের অন্যতম প্রধান অভিনেতা তন্ময় মজুমদার।

কী বললেন পর্দার ‘সন্তু’? ধারাবাহিক বন্ধের গুঞ্জন প্রসঙ্গে তন্ময় মজুমদার এই সময় ডিজিট্য়ালকে বলেন, ‘এই খবর আমাদের কাছেও আসছে। তবে প্রোডাকশনের পক্ষ থেকে আমরা অফিশিয়াল এমন কিছু শুনিনি।’ তিনি আরও যোগ করেন যে, শুটিং সেটে তাঁরা এখনও হইহই করে কাজ করছেন এবং এই ৩০০ পর্বের মাইলফলক ছোঁয়া ধারাবাহিকটি ১০০০ পর্ব পর্যন্ত চলবে বলে তিনি আশাবাদী।

টিআরপি লড়াই ও দিতিপ্রিয়া বিতর্ক: টিআরপি তালিকায় ধারাবাহিকটি আগের মতো ম্যাজিক দেখাতে পারছে না, এ কথা অস্বীকার করার জায়গা নেই। তার ওপর যুক্ত হয়েছে দিতিপ্রিয়া রায়ের সিরিয়াল ছেড়ে বেরিয়ে যাওয়া ঘিরে তৈরি হওয়া বিতর্ক। গত নভেম্বরে এই সিরিয়াল ছেড়ে দেন দিতিপ্রিয়া। নতুন অপর্ণা হিসাবে যোগ দেন নবাগতা শিরিন পাল। তারপর থেকে টিআরপি তালিকায় খানিক টলমল চিরদিনই তুমি যে আমার। তবে তন্ময় মনে করেন, টিআরপির ওঠানামা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। তাঁর কথায়, ‘আমরা একবার স্লট হারিয়েও ফিরে পেয়েছি। টিআরপি কমলেও যে আবারও উঠতে পারব, সেই বিশ্বাস আমার রয়েছে। অন্য সব ধারাবাহিকের থেকে যেহেতু গল্পটা একদমই আলাদা, তাই আমি মনে করি বেঙ্গল টপারও হবে এই ধারাবাহিক।’

সহ-অভিনেতা জীতু কমলের সঙ্গে বিবাদের জেরেই সিরিয়াল ছেড়ে দেন দিতিপ্রিয়া। জীতুর সঙ্গে রোম্য়ান্টিক দৃশ্য় তো দূর, একসঙ্গে শট দিতেই বেঁকে বসেছিলেন নায়িকা। পরে তিনি এনওসি দিয়ে সিরিয়াল ছাড়েন। আর্য ও অপর্ণার বিয়ের মহাসপ্তাহও দর্শকদের মন ছুঁয়েছিল। প্রচুর প্রমোশনের পরেও টিআরপি তালিকায় হাল ফেলেনি। দিতিপ্রিয়াকে নিয়ে চলা বিতর্কের রেশ খানিক থিতু হতে না হতেই ধারাবাহিক বন্ধের গুজব! এর মাঝে টিম ‘চিরদিনই তুমি যে আমার’ এখন কোমর বেঁধে লড়াইয়ে নেমেছে।

তন্ময় মজুমদারের এই আত্মবিশ্বাসী বয়ান কি সত্যিই ধারাবাহিকের ভবিষ্যৎ সুনিশ্চিত করবে? নাকি দিতিপ্রিয়াকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের রেশ গল্পের যবনিকা টেনে দেবে দ্রুত? উত্তর লুকিয়ে রয়েছে কেবল সময়ের হাতে এবং অবশ্যই প্রতি সপ্তাহের টিআরপি চার্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *