Durgapur industrial corridor। দুর্গাপুরে শিল্প করিডরের ঘোষণা বাজেটে

Spread the love

দুর্গাপুরে নয়া শিল্প করিডরের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেন, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের জন্য বাড়তি জোর দেওয়া হচ্ছে। সেই রেশ ধরে ইন্টিগ্রেটেড ইস্ট-কোস্ট করিডর তৈরি করা হবে। আর তার একটি কেন্দ্র তৈরি করা হবে দুর্গাপুরে। তাছাড়াও পূর্ব ভারতের পাঁচটি রাজ্যে পাঁচটি পর্যটন কেন্দ্র তৈরির ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই রেশ ধরে ৪,০০০টি ইলেকট্রিক বাসের প্রস্তাব দিয়েছেন।

পাখির চোখ বিধানসভা নির্বাচনে

সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসের শেষের দিকেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হবে। এসআইআরের পরে আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তারপর ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। ২০২১ সালের সূচি ধরে এগোলে এপ্রিলের মধ্যেই ভোটগ্রহণ শেষ হয়ে যাবে। আর ফলপ্রকাশ হবে মে’র গোড়ার দিকেই।

আর সেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। গত কয়েক বছরে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন আসছে, সেখানে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস করেছে কেন্দ্রের বিজেপি সরকার। পশ্চিমবঙ্গেও সেই ট্রেন্ড বজায় রাখা হয়েছে। পরপর ট্রেন, নয়া রেলপথের উদ্বোধন করা হচ্ছে। বিজেপি নেতা-বিধায়ক-সাংসদরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করছেন যে নতুন রেল প্রকল্পের অনুমোদন এসেছে।সেই ধারা বজায় থাকল সাধারণ বাজেটেও। দুর্গাপুরবাসীর মুখেও হাসি ফোটানোর মতো ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

বাংলার জন্য আরও গুরুত্বপূর্ণ ঘোষণা

সেইসঙ্গে বাংলার জন্য আরও কয়েকটি ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশে যে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করা হবে, তার মধ্যে শিলিগুড়িও আছে। শিলিগুড়ি-বারাণসীর মধ্যে হাইস্পিড রেল করিডর তৈরি করা হবে। আর তার ফলে স্বভাবতই বুলেট ট্রেন চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে ডানকুনিতে ফ্রেট করিডর তৈরির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, পূর্ব ডানকুনি থেকে পশ্চিমে সুরাটকে যুক্ত করবে সেই ফ্রেট করিডর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *