ICC-র কাছে ‘ভিক্ষা’ চাইল পাক-বাংলাদেশ

Spread the love

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের নাটক যবনিকা পতনের দিকে এগিয়ে গেল। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় সেই ম্যাচ হওয়ার কথা আছে। সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আপাতত যা পরিস্থিতি, তাতে ভারতের ম্যাচ বয়কট করার পথে সম্ভবত হাঁটছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি, পিসিবি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদের ম্যারাথন বৈঠকের পরে পুরো বিষয়টি পৌঁছে গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের টেবিলে। তিনিও সম্ভবত ভারতের ম্যাচ বয়কট না করার সিদ্ধান্তে অনুমোদন দেবেন বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে চাই, দাবি পিসিবি ও বিসিবির

এমনিতে একাধিক মহলে জল্পনা চলছে যে ভারতের ম্যাচ বয়কট না করার জন্য আইসিসির কাছে একগুচ্ছ দাবি জানিয়েছে পিসিবি। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিসিবির তরফে দাবি করা হয়েছে যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার বন্দোবস্ত করা হোক। শুধু তাই নয়, বাংলাদেশের সঙ্গেও আয়োজন করা হোক ভারতের দ্বিপাক্ষিক সিরিজের। শুধু তাই নয়, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনেরও দাবি তুলেছে পিসিবি। একই দাবি তুলেছে বিসিবি।

হাস্যকর দাবি পাকিস্তান ও বাংলাদেশের

সেই দাবি তোলা হলেও আদৌও সেটা বাস্তবসম্মত কিনা, তা নিয়ে প্রশ্ন আছে। কারণ দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজ খেলবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড। অর্থাৎ পাকিস্তান বা বাংলাদেশের সঙ্গে ভারত দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজ খেলবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেখানে আইসিসির কিছু করা নেই। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ক্ষেত্রে পাকিস্তানের সেরকম কোনও ভিত্তি নেই।

নিজেদের অবস্থানে অনড় আছে আইসিসি

ওই প্রতিবেদন অনুযায়ী, সূত্রের যা খবর, তাতে আইসিসি এখনও নিজেদের অবস্থানে অনড় রয়েছে যে কোনও দাবি তোলার জায়গায় নেই পিসিবি। বিশেষত মেম্বার্স পার্টিসিপেশন এগ্রিমেন্ট এবং ২০২৪ সালের ডিসেম্বরে হওয়া চুক্তি অনুযায়ী নিরপেক্ষ মাঠে ভারত ও পাকিস্তানের ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছে।

অর্থাৎ আগামী কয়েক বছর ভারতে কোনও আইসিসি টুর্নামেন্ট থাকলে পাকিস্তান আসবে না। খেলা হবে নিরপেক্ষ মাঠে। একইভাবে ভারতও যাবে না পাকিস্তানে। যেমনটা হয়েছিল ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত ও পাকিস্তানের ম্যাচ ছিল শ্রীলঙ্কায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *