আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের যে সময়সীমা ছিল, সেটা বাড়িয়ে ৩১ মার্চ করা হচ্ছে। সেক্ষেত্রে সামান্য জরিমানা গুনতে হবে। আয়কর রিটার্ন দাখিলের সময়সীমাও পর্যায়ক্রমে পরিবর্তন করা হচ্ছে। যাঁরা আইটিআর-১ এবং আইটিআর-২ ফর্মের আওতায় আয়কর রিটার্ন দাখিল করেন, তাঁদের ৩১ জুলাইয়ের মধ্যেই সেই কাজটা করতে হবে। নন-অডিট ব্যবসা বা ট্রাস্টের ক্ষেত্রে ৩১ অগস্ট পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
কর ও আয়কর সংক্রান্ত বড় ঘোষণা
১) আগামী ১ এপ্রিল থেকে নয়া আয়কর আইন কার্যকর হবে।
২) গাড়ি দুর্ঘটনায় ক্লেমের ক্ষেত্রে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ‘মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমস ট্রাইবুনাল’-র মাধ্যমে সুদ পাওয়া গেলে সেটা আয়করের আওতার বাইরে থাকবে। কোনও টিডিএস (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স) কাটা হবে না।
৩) লিবারাইজড রেমিটেন্স স্কিমের (এলআরএস) আওতায় শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে টিসিএসের (ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স) হার কমিয়ে পাঁচ শতাংশ থেকে কমিয়ে দু’শতাংশ করা হচ্ছে।

৪) ২০৪৭ সাল পর্যন্ত ট্যাক্স হলিডের ঘোষণা করা হল। সেইসমস্ত বিদেশি সংস্থা এই সুবিধা পাবে, যেগুলি ভারতীয় কোম্পানিকে পরিষেবা প্রদান করবে।
৫) প্রবাসী ভারতীয় বা NRI-র দেরও বাজেটে সুখবর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, ভারতীয় সংস্থাকে মূলধন পণ্য দিলে পাঁচ বছরের জন্য আয়কর ছাড় পাবেন প্রবাসী ভারতীয়রা।
৬) ছোটখাটো আয়কর ফাঁকিতে জেল হবে না। ১০ শতাংশ জরিমানা দিতে হবে।