ঘণ্টায় গতিবেগ ১২০ কিলোমিটার, থাকবে মাত্র তিনটি কোচ- রবিবার ভারতের দ্রুততম মেট্রোর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই মেট্রো করিডর তৈরি হয়েছে উত্তরপ্রদেশের মীরাটে। এমনিতে মীরাট মেট্রো এমনভাবে তৈরি করা হয়েছে যে ঘণ্টায় ১৩৫ কিমি বেগে ছুটতে পারবে। তবে সর্বোচ্চ ১২০ কিমি বেগে ছোটার ছাড়পত্র দেওয়া হয়েছে মীরাট মেট্রোকে। যা মীরাট দক্ষিণ থেকে মোদীপুরম পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার পথে চলাচল করবে। থাকছে মোট ১২টি স্টেশন। আর ওই পথটা অতিক্রম করতে ৩০ মিনিটের মতো লাগবে বলে সূত্রের খবর।
কী কারণে এত দ্রুতগতিতে ছুটতে পারবে মীরাট মেট্রো?
আর মীরাট মেট্রোর যে গতিবেগ এতটা বেশি থাকছে, সেটার নেপথ্যে আছে নমো ভারত সিস্টেমের সঙ্গে যোগসূত্র। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, একই পরিকাঠামো ব্যবহার করে মীরাট মেট্রো এবং নমো ভারতের মধ্যে যোগসূত্র তৈরি করা হয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিমিতে ছোটার জন্য ভারতের রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম নমো ভারত করিডরে ট্রেন তৈরি করা হয়েছে। যা
দিল্লি ও মীরাট জুড়ে যাচ্ছে নমো ভারতের মাধ্যমে
রবিবার মীরাট মেট্রোর পাশাপাশি পুরো ৮২ কিমির দিল্লি-মীরাট নমো ভারত রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেমের (আরআরটিএস) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। আপতত ওই লাইনের ৫৫ কিমি অংশে পরিষেবা চালু আছে। বাকি অংশের উদ্বোধন করলেই জুড়ে যাবে দিল্লি এবং মীরাট।

কলকাতা মেট্রোর গতিবেগ কত?
এমনিতে কলকাতা মেট্রোর সর্বোচ্চ অপারেশনাল গতিবেগ মোটামুটি ৮০ কিমির কাছাকাছি থাকে। ট্রায়ালের সময় গতিবেগ আরও কিছুটা বেশি উঠলেও বাণিজ্যিক পরিষেবার সময় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিমির আশপাশে মেট্রো চালানোর অনুমতি আছে। তবে শুধু কলকাতা নয়; দিল্লি এবং মুম্বইয়ের মতো শহরেও ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিমি বেগে ছোটার অনুমতি পেয়েছে মেট্রো।