বিশ্ব কূটনীতিতে এই মুহূর্তে অন্যতম চাঞ্চল্যকর পর্ব আমেরিকা বনাম খামেনির ইরানের দ্বন্দ্ব। এরই মাঝে গত ডিসেম্বর মাসে ইরানের হাতে পাকড়াও হওয়া এক তেলের ট্যাঙ্কারে থাকা ১৬ জন ভারতীয়কে ঘিরে পদক্ষেপ করল ভারত। এই পাকড়াও হওয়া ১৬ ভারতীয় যাতে ‘কনসুলার অ্যাকসেস’ পান, তার জন্য তেহরানের কাছে চাপ বাড়াচ্ছে দিল্লি।
দুবাই-ভিত্তিক গ্লোরি ইন্টারন্যাশনাল এফজেড-এলএলসি পরিচালিত ভ্যালিয়েন্ট রোয়ার ট্যাঙ্কারটি গত ৮ ডিসেম্বর ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আটক করে। জাহাজটির ১৬ জন ক্রু ভারতীয়, একজন বাংলাদেশি এবং একজন শ্রীলঙ্কানের বিরুদ্ধে জ্বালানি পাচারের অভিযোগ আনা হয়েছে। এই ১৬ জন ভারতীয়কে ঘিরে এবার তৎপরতায় নেমেছে ভারত। তেহরানের ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে যে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ইরানি কর্তৃপক্ষ জাহাজটি আটকের বিষয়ে তাদের অবহিত করেছিল। বন্দর আব্বাসের ভারতীয় কনস্যুলেট ১৪ ডিসেম্বর ইরান সরকারকে চিঠি লিখে ভারতীয় ক্রু সদস্যদের জন্য কনস্যুলার অ্যাক্সেস চায়। ভারতীয় দূতাবাস বলছে, ‘তারপর থেকে কূটনৈতিক চিঠিপত্র এবং বন্দর আব্বাস এবং তেহরানে সরাসরি বৈঠকের মাধ্যমে, রাষ্ট্রদূত পর্যায়ের বৈঠকের মাধ্যমে, কনস্যুলার অ্যাক্সেসের অনুরোধ বহুবার করা হয়েছে।’ ভারতীয় দূতাবাস জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষকে অনুরোধ করেছে যাতে ক্রু সদস্যদের ভারতে তাদের পরিবারের সাথে যোগাযোগের অনুমতি যাতে দেওয়া হয়।
তেহরানে ভারতীয় দূতাবাসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে,’বিষয়টি ইরানে বিচারাধীন প্রক্রিয়ার অধীনে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে, মিশন এবং কনস্যুলেট ইরানি কর্তৃপক্ষের উপর চাপ অব্যাহত রেখেছে যাতে ক্রুদের দ্রুত কনস্যুলার অ্যাক্সেস দেওয়া হয় এবং বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হয়।’ বন্দর আব্বাসে অবস্থিত ভারতীয় কনস্যুলেট জাহাজটিকে খাবার, জল এবং জ্বালানি সরবরাহ করতে এবং ইরানি আদালতে ক্রুদের আইনি প্রতিনিধিত্বের ব্যবস্থা করতে সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক জাহাজের মালিক এবং ইরান-ভিত্তিক এজেন্টদের সাথে যোগাযোগ করছে। ফলত সবরকমভাবেই ওই ১৬ জন ভারতীয়কে ঘিরে ‘প্রেশার গেম’ জারি রেখেছে ভারত। বিশেষত, যখন মার্কিন মুলুকের সঙ্গে ইরানের সম্পর্কে কাঁটা বিঁধছে, তখন দিল্লির এই পদক্ষেপ বেশ তাৎপর্যবাহী।

এদিকে, রিপোর্ট বলছে, ভারতীয় দূতাবাস, তেলের ওই ট্যাঙ্কারে খাদ্য ও জলের মজুদ শেষ হয়ে যাওয়ার খবর পাওয়ার পর, এই মাসের শুরুতে তারা তেলের ট্যাঙ্কারে আবশ্যিক সামগ্রীর সরবরাহের ব্যবস্থা করার জন্য ইরানি নৌবাহিনীর কথা বলে। এই তেলের ট্যাঙ্কার ঘিরে দুবাইতে ভারতীয় কনস্যুলেটও সক্রিয় ভূমিকা নিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুবাইয়ের ভারতীয় কনস্যুলেট জাহাজের মালিককে আইনি প্রতিনিধিত্ব এবং জাহাজে নিয়মিত সরবরাহ নিশ্চিত করার জন্য চাপ দিয়েছে।