Jisshu-Prosenjit। ‘এমন নয় বুম্বাদা কেটে আমার পার্টগুলো…’!

Spread the love

টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ হিসেবে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একসময় টলিউড যখন ডুবতে বসেছিল, তখন একাই নিজের কাঁধে টেনে নিয়ে এসেছেন বুম্বাদা। তবে প্রসেনজিতের বিরুদ্ধে আবার নানান কানাঘুষো টলিউডে। শ্রীলেখা মিত্র, অভিষেক চট্টোপাধ্যায়ের মতো তারকারা সরাসরি আঙুল তুলেছিলেন প্রসেনজিতের দিকে।

এখানেই শেষ নয়, শোনা যায় বাংলার আরেক সুপুরুষ অভিনেতা যিশু সেনগুপ্তকেও নাকি উঠতে দেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যোগ্যতা থাকার পরেও, কেরিয়ারের শুরুরদিকে সেভাবে ভালো কোনো প্রোযেক্টই আসেনি যিশুর হাতে। অভিনেতা নিজেও কি তেমনটাই মনে করেন?

খাদান-মুক্তির পরপর এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেন যিশু। তাঁকে বলতে শোনা যায়, ‘আমি আবারও বলছি, আই লাভ বুম্বাদা। কোনোদিন গান পয়েন্টে এসে আমায় বলেনি যে, তোকে এই রোলটাই করতে হবে। তোকে আমার ভাই হতে হবে। আমি নিজে সেই চরিত্রগুলো বেছে নিয়েছিলাম।’

এখানেই শেষ নয়, যিশু নিজের বক্তব্যে জুড়েছিলেন, ‘এমনও নয় যে বুম্বাদা কেটে আমার পার্টগুলো ছোট করে দিয়েছিল। তাও হয়নি কোনোদিন। এটা লোকের বিশ্বাস। তাঁরা তাঁদের বিশ্বাস নিয়ে থাকুক। আমি আমার বিশ্বাস নিয়ে থাকব। আই লাভ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উনি এমন কিছু করেননি, যাতে আমার কেরিয়ার নষ্ট হতে পারে।’

যিশু অবশ্য জানান যে, টলিউডের অনেকেই তাঁকে এর আগে বলেছিলেন যে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ই নাকি তাঁকে উঠতে দেননি। কিন্তু যিশু বিশ্বাসই করেন না এসেবে। তাঁর মতে, ‘আমি যদি কিছু করতে না পারি, তাহলে তো অন্যের দোষ দিতে পারি না! আমাকে অনেকে এও বলেছে, বুম্বাদা তোকে উঠতে দেয়নি। তার মানে বুম্বাদা সেই পজিশনে যেতে পরেছে বলেই করেছে, আমি তো যেতেই পারিনি। তাহলে হয়তো আমিও পারতাম চারটে ছবি থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে দিতে। আমি তো পারিনি। যদি এরকম হয়েও থাকে, আমি ওকে তাও ক্রেডিট দেব। ও নিজেকে সেই জায়গায় নিয়ে গিয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *