LPG Gas Cylinder Prices February 2026। বাজেটের আগে কোন শহরে রান্নার গ্যাসের দর কত?

Spread the love

যে আশঙ্কাটা করা হচ্ছিল, সেটাই হল। ফেব্রুয়ারির শুরুতেই বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। তবে পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের আগে গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হল না। অর্থাৎ ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র বাড়ানো হল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। কলকাতায় যেমন একটি সিলিন্ডারের দাম বেড়েছে ৪৯.৫ টাকা। আর চারটি মহানগরীর সবথেকে বেশি দাম বৃদ্ধি পেয়েছে চেন্নাইয়ে। সেখানে প্রতিটি ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৫০ টাকা।

গ্যাস সিলিন্ডারের দাম যে বাড়বে, সেটা প্রত্যাশিতই ছিল

তবে দামটা যে বাড়বে, তা প্রত্যাশিত ছিল। কারণ কিছুটা হঠাৎ করেই বিশ্ব বাজারে রান্নার গ্যাসের কাঁচামালি প্রোপেন এবং বুটেনের খরচ বেড়ে গিয়েছে। আর সেই দাম বৃদ্ধির নেপথ্যে আছে আমেরিকা ও ইরানের সংঘাতের আবহ। তার জেরে প্রোপেন এবং বুটেনের আমদানির খরচ অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাছাড়াও ডলারের নিরিখে টাকার দাম পড়ে যাওয়ায় বাড়তি চাপ তৈরি হয়েছে।

সেই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে যে গ্যাস সিলিন্ডারের দাম বাড়বে, সেটা মোটামুটি প্রত্যাশিতই ছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানোর ঝুঁকি নেওয়া হয় কিনা, সেদিকে নজর ছিল। সেই পথে হাঁটা হল না।

ফেব্রুয়ারিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত পড়বে?

১) দিল্লি: ১,৭৪০.৫ টাকা। ফেব্রুয়ারিতে ৪৯ টাকা বাড়ল দাম।

২) কলকাতা: জানুয়ারিতে কলকাতায় দাম ছিল ১,৭৯৫ টাকা। সেটা ফেব্রুয়ারিতে ৪৯.৫ টাকা বেড়ে ১,৮৪৪.৫ টাকায় ঠেকেছে।

৩) মুম্বই: ১,৬৯২ টাকা। কলকাতার মতো মুম্বইয়ে ৪৯.৫ টাকা বেড়েছে প্রতিটি সিলিন্ডারের দাম।

৪) চেন্নাই: ১,৮৯৯.৫ টাকা। দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।

ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কত পড়বে?

১) কলকাতা: ৮৭৯ টাকা।

২) দিল্লি: ৮৫৩ টাকা।

৩) মুম্বই: ৮৫২.৫ টাকা।

৪) চেন্নাই: ৮৬৮.৫ টাকা।

উল্লেখ্য, জানুয়ারিতেও ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছিল। গত মাসের শুরুতেই কলকাতায় ১১১ টাকা দাম বেড়েছিল। এবার সেটা বাড়ল ৪৯.৫ টাকা। ফলে দু’মাসে তিলোত্তমায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬০.৫ টাকা বৃদ্ধি পেয়েছে। তাছাড়াও দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো শহরেও পরপর দু’মাসে বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। আর গত এপ্রিল থেকে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *