এসআইআরের শুনানিতে শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন? তাহলে আবারও যেতে হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানি প্রক্রিয়ায় ডাক পড়বে। নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এসআইআরের শুনানিতে ডাক পড়ার পরে কেউ প্রামাণ্য নথি হিসেবে যদি শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে থাকেন, তাহলে সেটি বৈধ বলে বিবেচিত হবে না। তাঁকে ফের শুনানিতে ডাকা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে এসআইআরের ক্ষেত্রে বৈধ নথি হিসেবে বিবেচনা করা হবে না, সেই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে বিচার করা হবে না। কারণ প্রাথমিকভাবে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তাতে বৈধ নথির তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছিল না। সেই পরিস্থিতিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথির তকমা দিল না কমিশন।
কোন কোন নথি বৈধ বলে বিবেচনা করা হবে?
১) যে কোনও পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার/ রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনও নিয়মিত কর্মী বা পেনশনপ্রাপককে দেওয়া হয়েছে।
২) যে কোনও পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি, যেটি ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাঙ্ক বা ডাকঘর বা ভারতীয় জীবনবিমা নিগম বা রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত।
৩) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র।

৪) পাসপোর্ট।
৫) স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন/ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
৬) রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র।
৭.) বনভূমি অধিকার শংসাপত্র।
৮) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা তফসিলি জাতি বা তফসিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর জাতির শংসাপত্র।
৯) নাগরিকদের জাতীয় রেজিস্টার (যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে)।
১০) রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার।
১১) কোনও জমি/ বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র।