ফের দিদির নিশানায় ডিভিসি। পুজোর মধ্যেই ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি, এই অভিযোগ তুলে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারকে কিছু না জানিয়েই জল ছাড়া হয়েছে বলে অভিযোগ। মানুষ কিছুক্ষণের জন্য বিপদে পড়েছিল বলেও অভিযোগ তোলেন দিদি।
কী লিখলেন দিদি?
শুক্রবার একাদশীর দিন নিজের এক্স হ্যান্ডলে এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘দুর্গাপুজো শেষ হল বিজয়া দশমী দিয়ে। মানুষের মধ্যে আনন্দ, উল্লাস রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গর জনগণকে শান্তিতে উৎসব পালন করতে দেওয়া হচ্ছে না। রাজ্যকে কোনও নোটিশ না দিয়েই ডিভিসি ৬৫ হাজার কিউসেক জল ছেড়ে দিয়েছে।’
‘উৎসব ভেস্তে দেওয়ার প্রচেষ্টা’
ডিভিসির বিরুদ্ধে পুজোর আনন্দ ভেস্তে দেওয়ার চক্রান্ত করার অভিযোগও তুলেছেন মমতা। তাঁর কথায়, সাধারণ মানুষের পুজোর আনন্দকে বিসর্জন দেওয়ার চক্রান্ত করছে ডিভিসি। পোস্টে তিনি লেখেন, ‘বেপরোয়া কাজটি আমাদের পবিত্র উৎসবগুলিতে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়। এই ধরণের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য।’
‘ডিভিসির চক্রান্তকে প্রতিহত করা হবে’
ডিভিসির এই ধরনের সিদ্ধান্তের ফলে মানুষের জীবন বিপন্ন হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি লড়াই করবেন বলেও জানিয়েছেন। পোস্টে এই দিন তাঁর আভাস দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘(আমাদের) অবহিত না করে জল ছেড়ে দিয়ে, ডিভিসি বাংলার লক্ষ লক্ষ জীবনকে তাৎক্ষণিক বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা সৃষ্ট একটি দুর্যোগ। আমি স্পষ্ট করে বলতে চাই: আমি কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। মিথ্যার উপর সত্য জয়লাভ করবে এবং অশুভের উপর শুভ ইচ্ছা জয়লাভ করবে। জয় মা দুর্গা!’

মহালয়ার পরের বৃষ্টি নিয়েও ছিল অভিযোগ
প্রসঙ্গত, পুজোর মুখেই মহালয়ার পরদিন সারা কলকাতায় জল জমে গিয়েছিল বৃষ্টির জেরে। বহু পুজো মণ্ডপ ক্ষতিগ্রস্ত হয়েছিল। অফিসযাত্রীদের রীতিমতো নাকাল হতে হয় পরপর দুদিন। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, ডিভিসির বিরুদ্ধেই। বৃষ্টির পাশাপাশি ডিভিসির জল ছাড়ার কারণেই এই দুর্গতি হয়েছিল বলে দাবি করেন তিনি। শুক্রবার তাঁর পোস্টে সেই দিনের ঘটনাকেই নিশানা করেছেন কি না, তা অবশ্য স্পষ্ট উল্লেখ করেননি দিদি।