ভারতে ১.৪ লাখ কোটি টাকার বিনিয়োগের আশ্বাস দিলেন মাইক্রোসটের সিইও সত্য নাদেলা। যা এশিয়ায় মাইক্রোসফটের সর্বকালের সবথেকে বড় অঙ্কের বিনিয়োগ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে তথ্যপ্রযুক্তি জায়ান্টের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) বলেছেন, ‘ভারতের সামনে যে কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা এআই) সম্ভাবনা আছে, তা নিয়ে অনুপ্রেরণাদায়ক আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ। ভারতের যে স্বপ্ন আছে, তাতে সহায়তা করার জন্য (ভারতে) ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১.৪ লাখ কোটি টাকা) বিনিয়োগের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’ সেইসঙ্গে ভারতীয় বংশোদ্ভূত নাদেলা জানিয়েছেন, সেই অর্থ দিয়ে ভারতে এআইয়ের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে।
২০২৫ সালেই ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা মাইক্রোসফটের
এমনিতে চলতি বছরের গোড়ার দিকে তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছিল মাইক্রোসফট। মার্কিন তথ্যপ্রযুক্তি জায়ান্টের তরফে জানানো হয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড পরিকাঠামোর জন্য দু’বছর ধরে সেই পরিমাণ অর্থ খরচ করা হবে।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের সবথেকে জনবহুল দেশ ভারতের বাজার ধরতে চাইছে মাইক্রোসফট-সহ বিশ্বের বিভিন্ন সংস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তা যে ভবিষ্যৎ, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে প্রতিটি সংস্থাই নিজেদের বাজার ধরার চেষ্টা করছে। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষের মধ্যে ভারতে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ৯০ কোটির গণ্ডি পার করে যাবে।

বাংলায় কি বিনিয়োগ করবে মাইক্রোসফট?
যদিও কোথায় সেই অর্থ বিনিয়োগ করা হবে, সে বিষয়ে মাইক্রোসফটের তরফে আপাতত বিস্তারিত জানানো হয়নি। ফলে পশ্চিমবঙ্গের ভাগ্যে কিছু আছে কিনা, তা স্পষ্ট নয় আপাতত। তবে অন্ধ্রপ্রদেশের মতো জায়গায় বিনিয়োগের সম্ভাবনা প্রবল বলে মনে করছে বলে একটি মহলের তরফে মনে করা হচ্ছে। অক্টোবরেই গুগল ঘোষণা করেছে যে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এআই ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরি করা হবে। সেজন্য পাঁচ বছর ধরে ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।