Modi in Ballan। নজরে পাকিস্তানি সীমান্তের এই রাজ্যের ২০২৭র ভোট?

Spread the love

দেশের কেন্দ্রীয় বাজেট পেশের ৪ ঘণ্টা পরই বাল্লান গ্রামের পথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের সীমান্তের রাজ্য পঞ্জাবের জলন্ধরে অবস্থিত এই বাল্লান গ্রাম। তথ্য বলছে, পাকিস্তানের কাছে অবস্থিত অমৃতসররে ওয়াঘা সীমান্ত, জলন্ধরের বাল্লান গ্রাম থেকে ১০০-১২০ কিলোমিটার দূরে। আর সেই বাল্লান গ্রামেই যাচ্ছেন মোদী। বাল্লান গ্রামের ডেরা সচখন্দ-এ রয়েছে মোদীর সফর। উল্লেখ্য, এই জেরা সচখন্দ মূলত, রবিদাসী গোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ স্থান।

১ ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মতিথি পালিত হয়। সেই দিনেই পঞ্জাবের এই বাল্লান গ্রামে পৌঁছচ্ছেন মোদী। উল্লেখ্য, পঞ্জাবের ভক্তি আন্দোলনের অন্যতম পথিকৃত গুরু রবিদাস। জানা যাচ্ছে, এদিন জলন্ধরের আদামপুর বিমানবন্দর থেকে নেমে বাল্লান গ্রামের দিকে যাচ্ছেন মোদী। এই বিমানবন্দরের নতুন নামকরণও মোদীর হাত ধরে আসতে চলেছে। গুরু রবিদাসের নামে এই বিমানবন্দরের নামকরণ হতে চলেছে। এই ডেরা সচখন্দের প্রধান সন্ত নিরঞ্জন দাসকেও এবার পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছে। নির্মলা সীতারমনের বাজেটের ভাষণেও গুরু রবিদাসের জন্মতিথির উল্লেখ রয়েছে।

মোদীর বাল্লান গ্রামের সফর নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। প্রসঙ্গত, ২০২৭ সালে রয়েছে পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজ্য পঞ্জাবের বিধানসভা ভোট। রিপোর্ট বলছে, ভোটের আগে পঞ্জাবের দলিত গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতা চাইছে পঞ্জাব বিজেপি। আর পঞ্জাবের এই দলিত গোষ্ঠীর মধ্যে রয়েছেন রবিদাসরা। দোয়াবা এলাকায় রবিদাস গোষ্ঠীর বসতি অত্যন্ত ঘন বলে জানা যায়। সেই রবিদাসদেরই ডেরা সচখন্দে পৌঁছচ্ছেন মোদী। মোদীর এই সফর ২০২৭ পঞ্জাব নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মোদীর সফর ঘিরে পঞ্জাবে কড়া নিরাপত্তা। সফরের আগে কিছু স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া মেল এলেও, তা ভুয়ো বলে জানা যায়।

এদিকে, ২০২৭ সালের পঞ্জাবের ভোটকে যে বিজেপি পাখির চোখ করে দেখতে শুরু করেছে তা গেরুয়া শিবিরের পর পর পদক্ষেপে স্পষ্ট বলে মনে করছেন অনেকেই। পাঞ্জাবের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ দলিত, যা সমস্ত রাজ্যের মধ্যে সর্বোচ্চ। পাঞ্জাবের তিনটি প্রধান অঞ্চলের মধ্যে একটি, দোওয়াবাতে, যার মধ্যে বাকি দুটি অঞ্চল হল মালওয়া এবং মাঝা, মোট জনসংখ্যার মধ্যে দলিতদের এই অনুপাত প্রায় ৪৫% পর্যন্ত পৌঁছেছে। নির্বাচনীভাবে এর অর্থ এই যে, পাঞ্জাবের ১১৭টি বিধানসভা আসনের মধ্যে দোয়াবা অঞ্চলের ২৩টি, যার মধ্যে অন্তত ১৯টিতেই ভোটারদের প্রভাবিত করে থাকে বাল্লানের ডেরা সচখন্দ। সেই জায়গা থেকে মোদীর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *