Pakistan Bangladesh। বেফাঁস আঘা,প্যাঁচে PCB? পাকিস্তানে নয়া টুইস্ট

Spread the love

টি২০ বিশ্বকাপে পাকিস্তান যোগ দেবে কি না, তা নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটে জল্পনার পারদ চড়িয়ে যাচ্ছে মহসিন নকভির পিসিবি। ভেন্যু বদল ইস্যুতে বিশ্বকাপ থেকে বাংলাদেশের প্রতিবাদে ঢাকার পাশে থাকতে গিয়ে পাকিস্তানও এই বিশ্বকাপ বয়কট করতে পারে, এমন হুঁশিয়ারি দিয়েছিল নকভির পিসিবি। এরই মাঝে পাকিস্তানের টি২০ টিমের অধিনায়ক সলমন আঘার এক বেফাঁস মন্তব্য, পিসিবিকে ফেলে দিয়েছে প্যাঁচে। পিসিবি যে গতিতে তাদের টি২০ বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে রহস্যময়তা বাড়িয়ে যাচ্ছিল, তাতে কার্যত পিসিবির হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে আঘার মন্তব্য! এদিকে, বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশ নিজেদের দেশেই নিজেদের মধ্যে একটি টি২০ টুর্নামেন্ট শুরু করছে, যার নাম ‘অদম্য বাংলাদেশ টি২০ কাপ ২০২৬’ ।

রিপোর্ট বলছে, আইসিসি সূত্রের বার্তা ছিল, যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয় তাহলে সেই জায়গায় বাংলাদেশকে খেলার অফার দিতে পারে আইসিসি। এদিকে, বাংলাদেশ নিজের দেশেই টি২০ সিরিজ শুরু করছে। অন্যদিকে, পাকিস্তানের টি২০ অধিনায়ক সলমন আঘা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে বলেছেন,’ আমরা ভালো ব্যাটিং করেছি এবং তারপর বল হাতে অসাধারণ ছিলাম। ফিল্ডিংও অসাধারণ ছিল। আমরা একইভাবে খেলতে চাই, ২-০ স্কোরলাইন ভুলে যেতে চাই, একই তীব্রতা নিয়ে আবার আসতে চাই এবং একই শক্তি নিয়ে বিশ্বকাপে যেতে চাই।’ আর আঘার মন্তব্যের এই শেষ অংশে বলা ‘একই শক্তি নিয়ে বিশ্বকাপে যেতে চাই’ নিয়ে পড়ে গিয়েছে শোরগোল। প্রশ্ন উঠছে, তাহলে কি পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে না? অনেকেই মনে করছেন, আঘার এই মন্তব্য পিসিবির ধরে রাখা ‘সাসপেন্স’র বেলুন ফুটো করে দিয়েছে।

এদিকে, বাংলাদেশ প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার প্রাইজমানি ও ম্যাচ ফি নিয়ে শুরু করছে, ‘অদম্য বাংলাদেশ টি২০ কাপ ২০২৬।’ এই সিরিজে অংশ নিচ্ছে, ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ নামের দলগুলি। জানা গিয়েছে, টি২০ একাদশে দলে থাকা ১৩ জন ক্রিকেটারকে নিয়ে এই সিরিজ হচ্ছে বাংলাদেশে। লিটন দাস থাকছেন ‘ধূমকেতু একাদশ’-এর নেতৃত্বে।নাজমুল হোসেনের ‘দুর্বার একাদশ’-এর ক্যাপ্টেন। আর ‘দুরন্ত একাদশ’ এর ক্যাপ্টেন আকবর আলি। বাংলাদেশের এই সিরিজ শুরু ও পাকিস্তানের সলমন আঘার বেফাঁস মন্তব্য, দুটিকে যোগ করে ২০২৬ বিশ্বকাপে পাকিস্তানের খেলার সম্ভাবনা কি রয়েছে? প্রশ্নের উত্তর সম্ভবত স্পষ্ট হতে পারে ২৪ ঘণ্টার মধ্যেই। কারণ জানা যাচ্ছে, বিশ্বকাপে খেলা নিয়ে পিসিবি নিজের অবস্থান ২ ফেব্রুয়ারি সোমবার জানাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *