ঋতাভরী চক্রবর্তীর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। অন্দরের ফিসফাস, খুব শীঘ্রই মা হতে চলেছেন ঋতাভরীর দিদি তথা অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। ২০২২ সালের শেষে দীর্ঘদিনের বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রাঙ্গদা। বিয়ের প্রায় চার বছর পর তাঁদের কোল আলো করে আসতে চলেছে নতুন সদস্য।
সম্প্রতি পারিবারিক বিয়ের অ্য়ালবামের ছবি ভাগ করে নিয়েছিলেন চিত্রাঙ্গদা, সেই থেকে গুঞ্জনের সূত্রপাত। বুধবার রাতে বোনু ঋতাভরীর এক ইভেন্টের ফাঁকে নিজের একটি ছবি পোস্ট করেন চিত্রাঙ্গদা। সেখানে কালো শরীরচাপা পোশাক দেখা মিলল নায়িকার। স্কার্ফ দিয়ে স্ফীতোদর আড়াল করার চেষ্টায় চিত্রাঙ্গদা। দিদিমা হওয়ার সুখবর নিয়ে এখনই মুখ খুলতে না-রাজ শতরূপা। তিনি জানান, ‘এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।’ অর্থাৎ এখনই ব্যক্তিগত এই খবরটি নিয়ে ঢাকঢোল পেটাতে নারাজ চিত্রাঙ্গদার মা। এমনকি চিত্রাঙ্গদার শ্বশুরমশাই, বিখ্যাত তবলাশিল্পী পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ও বিষয়টি খানিকটা এড়িয়ে গিয়েছেন।
চিত্রাঙ্গদা বর্তমানে মুম্বইনিবাসী হলেও এই মুহূর্তে তিনি কলকাতায় বাপের বাড়িতেই রয়েছেন। সম্বিতের সঙ্গে দাম্পত্যের মায়াবী ছবি প্রায়শয়ই সমাজমাধ্য়মে তুলে ধরেন। এবার সেই ‘বন্ধু’ দম্পতির জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। যদিও পরিবারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবুও ঋতাভরীর ‘মাসি’ হওয়ার খবরে উচ্ছ্বসিত ভক্তমহল।টলিউড থেকে মুম্বই— দুই ইন্ডাস্ট্রিতেই চিত্রাঙ্গদার কাজের প্রশংসা রয়েছে। তবে আপাতত জীবনের এই বিশেষ মুহূর্তগুলো তিনি ব্যক্তিগত রাখতেই পছন্দ করছেন।
